জমিয়াতুল ফালাহ : বৃষ্টি বেশি হলে ময়দানের বদলে মসজিদে ঈদ জামাত
- জানালেন মেয়র

প্রতিবছরের মতো চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছিল সিটি করপোরেশন। তবে শেষমুহূর্তে বৃষ্টির কারণে সেই প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটেছে। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, বৃষ্টির কারণে ময়দানে ঈদ জামাত সম্ভব না হলে মসজিদের ভেতরে নামাজ পড়ার ব্যবস্থা রাখা হচ্ছে।
চট্টগ্রামসহ আশপাশের এলাকায় আজ মঙ্গলবার সকাল থেকে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে নগরীর বিভিন্ন নিচু এলাকায় পানি উঠে গেছে। মৌসুমি বায়ূর সক্রিয়তার কারণে এ বৃষ্টিপাত আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
আগামী বৃহস্পতিবার ঈদুল আজহাকে সামনে রেখে আজ দুপুরে জমিয়াতুল ফালাহ প্রাঙ্গন পরিদর্শনে যান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। জানালেন বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখেই তারা ঈদ জামাতের প্রস্তুতি নিচ্ছেন, ‘আবহাওয়ার যে পূর্বাভাস, আরো চার-পাঁচ দিন এভাবে বৃষ্টি হবে। আমরা ধরে নিচ্ছি যে, ঈদের দিন বৃষ্টি হবে। সেই প্রস্তুতি নিয়েই এখানে ত্রিপল থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি রাখছি। যাতে বৃষ্টি হলেও মুসল্লিরা কোনো ধরনের কষ্টের মধ্যে না পড়েন।’
বৃষ্টির কারণে অতিরিক্ত কাজের প্রয়োজন হওয়ায় প্রস্তুতির কিছুটা এখনো বাকি রয়ে গেছে বলেও জানালেন মেয়র।
জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে দেখা গেছে, শ্রমিকরা সামিয়ানার ওপর ত্রিপল টেনে দিচ্ছেন। বাঁশের খুঁটিসহ অন্যান্য সরঞ্জামগুলো আরও শক্ত করে বাঁধা হচ্ছে। বৃষ্টিতে নামাজের ময়দানের সামনের অংশে এবং একেবারে পেছনে পানি জমে কর্দমাক্ত হয়ে গেছে। সেগুলো পরিস্কার করতে দেখা গেছে সিটি করপোরেশনের কর্মীদের।
মেয়র জানালেন, বৃহস্পতিবার সকাল ৭টায় জমিয়াতুল ফালাহ প্রাঙ্গনে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত হবে। সেখানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।
চসিক কর্মকর্তাদের তথ্য, প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে একই মসজিদের সিনিয়র পেশ ইমাম মোহাম্মদ আহমদুল হক ইমামতি করবেন।
এছাড়া নগরীর আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাতের আয়োজন করেছে সিটি করপোরেশন। মসজিদগুলো হলো— লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদ।







