মহিলা ক্রিকেট লিগে জয় পেতে চায় চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দলের আনুষ্ঠানিক ফটোসেশন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৫তম জাতীয় মহিলা ক্রিকেট লিগে অংশ নিতে আগামীকাল বুধবার সকালে কক্সবাজারের যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দল। আগামী ৩১ অক্টোবর থেকে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এবারের আসর, যা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।
এবারের লিগে দেশের আটটি বিভাগীয় দল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও রংপুর প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্টে অংশ নিতে বুধবারই অংশগ্রহণকারী দলগুলোর কক্সবাজার পৌঁছাবে।
টুর্নামেন্টকে সামনে রেখে আজ মঙ্গলবার সকালে নগরীর সাগরিকা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের অনুশীলন মাঠে দলটির আনুষ্ঠানিক ফটোসেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন খেলোয়াড়দের মাঠে শৃঙ্খলা বজায় রেখে সেরা ক্রিকেট উপহার দেওয়া এবং দলের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আবু আহমেদ হাসনাত, জাতীয় ক্রীড়া পরিষদের উপ পরিচালক শিহাব উদ্দিন, চট্টগ্রাম দলের ম্যানেজার দিদারুল আলম চৌধুরী ও প্রধান কোচ মোহাম্মদ ইসমাইল।
সূচি অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী দিন আগামী ৩১ অক্টোবর সকাল ৯টায় বরিশাল মুখোমুখি হবে রাজশাহীর এবং দুপুর ২টায় লড়বে খুলনা ও ঢাকা। পরদিন ১ নভেম্বর সকাল ৯টায় ময়মনসিংহ বিভাগীয় মহিলা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে চট্টগ্রাম। একই দিন দুপুর ২টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর ও সিলেট।



