জানালেন মিয়ানমার রাষ্ট্রদূত
ইয়াঙ্গুন-বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ

ছবি: আগামীর সময়
ইয়াঙ্গুনের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মো। একইসঙ্গে আন্তঃসীমান্ত বাণিজ্য বৃদ্ধি এবং মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিটওয়ে নৌবন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের মধ্যে পুনরায় সরাসরি নৌ-যোগাযোগ চালুর লক্ষ্যে মিয়ানমার কাজ করছে বলেও জানান তিনি।
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা জানালেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত জানালেন, মিয়ানমারে রাশিয়ার সহযোগিতায় একটি এলএনজি হাব গড়ে তোলা হচ্ছে এবং জলবিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে মিয়ানমার থেকে সহজে এলএনজি ও বিদ্যুৎ আমদানি সম্ভব হবে।
সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে চীন-বাংলাদেশ ইকোনমিক করিডোর নিয়ে যে আলোচনা হয়েছে, তা বাস্তবায়িত হলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানালেন, ‘বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে দুদেশের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল, সড়ক যোগাযোগ এবং সরাসরি ফ্লাইট চালুর বিকল্প নেই। চট্টগ্রামকে এই অঞ্চলের উদীয়মান এয়ার এভিয়েশন ও বিনিয়োগ হাব করতে সরকার চট্টগ্রাম বিমানবন্দর নিয়ে মেগা প্রকল্প হাতে নিয়েছে, যা বাস্তবায়িত হলে ইয়াঙ্গুনের সঙ্গে কানেক্টিভিটি বৃদ্ধি পাবে। এ ছাড়া ভবিষ্যতে বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোর বাস্তবায়িত হলে বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারিত হবে।
সভায় বক্তব্য রাখেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম, প্রাক্তন পরিচালক এস এম আবু তৈয়ব, মিয়ানমার দূতাবাসের কাউন্সেলর হতেত মিয়াত লুইন, অনারারি কনসাল জেনারেল এ এইচ এম হাকিম আলী, চেম্বার পরিচালক আমান উল্লা আল ছগির (ছুট্টু), মোহাম্মদ আকতার পারভেজ, ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ার, সিএসই পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, নটিকার চেয়ারম্যান ক্যাপ্টেন শফিক ভূঁইয়া, প্যান মেরিন লাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসলামসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।



