স্কুলে যুবককে ‘পিটিয়ে খুন’

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক হাইস্কুলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ স্কুলের দুই নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে।
আজ রবিবার সকালে নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকায় হাইস্কুলের সামনে ফুটপাত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত ২৭ বছর বয়সী মোহাম্মদ জয়নাল নগরীর ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানালেন, সকালে স্কুলের ভেতর থেকে জয়নালকে এনে ফুটপাতে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা দেখেন সে মৃত। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ লাশ উদ্ধারে গেলে ধনিয়ালাপাড়া থেকে জয়নালের পরিবারের সদস্য ও এলাকার লোকজন সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, চোর সন্দেহে জয়নালকে স্কুলের নিরাপত্তা কর্মীরা পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে।
মারধরে জয়নালের মৃত্যুর প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে জানালেন ওসি, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, নেশাগ্রস্ত জয়নাল গত রাতে দেওয়াল টপকে স্কুলের ভেতরে প্রবেশ করে। এখন স্কুলের ভেতরে নাকি বাইরে তাকে মারধর করা হয়েছে সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে মারধরে তার মৃত্যুর আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তে বিষয়টি আরও পরিস্কার হবে।’
এ ঘটনায় স্কুলের দুই নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জয়নালের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হচ্ছে বলে জানালেন ওসি নাজমুন নূর।




