আইনজীবী আলিফ হত্যা
‘রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়ে পার পাওয়ার সুযোগ নেই’

আইনজীবী আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম জেলা আইনজীবীর স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন ডা. শাহাদাত
রাজনৈতিক দল বা ধর্মের আড়ালে কোনো হত্যাকারীর দায়মুক্তির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, ‘অপরাধী যেই হোক না কেন, তাকে হত্যাকারী হিসেবেই চিহ্নিত করতে হবে।’
আজ বৃহস্পতিবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত এ কথা বলেন।
এ সময় তিনি এই হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেষ করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ানসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী, রাজনীতিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হত্যাকাণ্ডের দুই বছরেও বিচার শেষ না হওয়াকে উদ্বেগজনক উল্লেখ করে চসিক প্রশাসক বলেছেন, ‘একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার ঝুলে থাকা ন্যায়বিচারপ্রত্যাশী মানুষের জন্য হতাশাজনক। জড়িত ব্যক্তিরা চিহ্নিত হয়ে কারাগারে আছেন। এখন দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা সুদৃঢ় হবে।’
ঘটনার দিনের স্মৃতিচারণা করে ডা. শাহাদাত হোসেন জানান, মেয়রের দায়িত্ব নেওয়ার মাত্র ২০ দিনের মাথায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থল ও থানায় ছুটে যান। সেখানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখেছিলেন তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণে ওই দিন রাত পর্যন্ত তিনি থানায় অবস্থান করেন। পরদিন বিষয়টি নিয়ে প্রয়াত আইনজীবী এ এফ হাসান আরিফসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার আলোচনা হয়।
নিহত সাইফুল ইসলাম আলিফকে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন সাহসী কর্মী হিসেবে অভিহিত করেন ডা. শাহাদাত। তিনি বলেন, গত ১৭ বছরের সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আলিফ সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার অবদান ও আত্মত্যাগ ভুলে যাওয়ার সুযোগ নেই।
দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার পাশাপাশি মিলাদ, দোয়া মাহফিল ও চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।




