‘ডেঙ্গুর উপসর্গকে বাতের ব্যথা মনে করেছিলাম’

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল
‘আমার মায়ের পা ব্যথা ছিল। আমরা মনে করেছিলাম বাতের কারণে হয়েছে। পরে জ্বর আসে। তখন রক্ত পরীক্ষা করিয়েছি। ডেঙ্গু ধরা পড়েনি। এরপর চন্দনাইশে ডাক্তার দেখাই। ক্যালশিয়ামসহ বিভিন্ন ওষুধ দেন। ব্যথা বাড়তে থাকে। পেটসহ সারা শরীরে। গতকাল মারা যায়।’
ডেঙ্গুতে মারা যাওয়া মঞ্জু দেবের (৫৫) ছেলে বিপ্লব এভাবে মায়ের অসুস্থতার বর্ণনা দেন।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাড়িতেই জ্বর ও শরীরে ব্যথায় আক্রান্ত হন তিনি। প্রথমে বাতের ব্যথা মনে করা হয়েছিল। পরে দ্বিতীয় দফা রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে মঞ্জুর।
তাদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সুচিয়া গ্রামে। স্বামী মিলন দেব। এক ছেলে দুই মেয়ে তাদের। বিপ্লব দেব শেষ সময়ে মায়ের পাশে ছিলেন।
বিপ্লব জানান, প্রথমে চন্দনাইশে ডাক্তারের পরামর্শে বাতের চিকিৎসা চলে। এরপর জ্বর ও শরীর ব্যথা বেড়ে গেলে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আবার টেস্ট করা হলে ডেঙ্গু ধরা পড়ে। এরপর আস্তে আস্তে অবস্থা খারাপ হতে থাকে।
সোমবার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নোওয়ার পরামর্শ দেন। তখন অক্সিজেন চলছিল। মঞ্জুকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর পরদিন তার মৃত্যু হয়।
জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ লুৎফুল কবির শিমুল জানান, জ্বর শরীর ব্যথাসহ নানা লক্ষ্মণ দেখা দেয় ডেঙ্গুতে। জ্বর হলে অবহেলা করা যাবে না।
চট্টগ্রামে এখন পর্যন্ত ৮ হাজার ৬৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৪৯ জন মারা যান।




