আ. লীগ নেতার সঙ্গে যোগাযোগ, এবার ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত এক ট্রাফিক সার্জেন্টকে বরখাস্ত করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার সঙ্গে যোগাযোগের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে তথ্য মিলেছে। তবে সিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা কেউ এ বিষয়ে মুখ খুলছেন না।
মোহাম্মদ মুজাহিদ নামে ওই পুলিশ কর্মকর্তা নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তাকে বরখাস্তের বিষয়টি আজ বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।
বরখাস্তের কারণ হিসাবে তিনি জানালেন, সরকারি কাজে অবহেলা ও আদেশ অমান্যের অভিযোগ।
এ বিষয়ে জানতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীসহ কয়েকজন ঊর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। তবে নগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরতদের মধ্যে আওয়ামী লীগ নেতার সঙ্গে সার্জেন্ট মুজাহিদের যোগাযোগের বিষয়ে আলোচনা আছে।
গত সপ্তাহে আওয়ামী লীগ নেতাদের মোবাইলে মেসেজ দেওয়ার তথ্যপ্রমাণ পেয়ে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়। তাকেও বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি।



