আগ্রাবাদ
ফ্লাইওভারে কাটা ঘুড়ি ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ফ্লাইওভারের ওপর কাটা ঘুড়ি ধরতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে ১৩ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জরুরি বিভাগের মর্গে পাঠান। কিশোর পরিচয় জানা যায়নি।
হাসপাতালে নিয়ে আসা ব্যক্তি আমিদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় নগরের ডাবলমুরিং থানার বারেক বিল্ডিং এলাকার ফ্লাইওভারের ওপর কাটা ঘুড়ি ধরতে যায় কিশোরটি। এ সময় সে সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, কিশোরটিকে দুজন ব্যাক্তি নিয়ে আসেন। তারাও এই কিশোরের পরিচয় জানেন না। পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট থানায় খবর পাঠানো হয়েছে।



