চেক প্রতারণা মামলা শিল্পপতি ইয়াকুব আলী ও ইয়াসিন আলীর কারাদণ্ড

চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত
ঋণের বিপরীতে দেওয়া চার কোটি টাকার চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) মামলায় চট্টগ্রামের দুই শিল্পপতিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের চেকের সমপরিমাণ, অর্থাৎ চার কোটি টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন রিজেন্ট ফেব্রিক্স লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইয়াসিন আলী। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন।
এ দুই সহোদর একসময়ের আলোচিত চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তাদের মালিকানায় ছিল রিজেন্ট এয়ারওয়েজ। বিপুল পরিমাণ ঋণ খেলাপি রেখে প্রায় চারবছর আগে তারা সপরিবারে একযোগে দেশ ছেড়ে যান। পরে রিজেন্ট এয়ারওয়েজ, রিজেন্ট টেক্সটাইলসহ তাদের মালিকানায় থাকা সব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
আদালত সূত্রে জানা যায়, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়েছিল রিজেন্ট ফেব্রিক্স লিমিটেড। ওই ঋণের বিপরীতে ব্যাংক বরাবর চার কোটি টাকার একটি চেক প্রদান করে প্রতিষ্ঠানটি। ২০২৩ সালের ২৯ আগস্ট চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। এরপর ওই বছরের ৩ সেপ্টেম্বর আসামিদের লিগ্যাল নোটিস পাঠান ব্যাংকের আইনজীবী। ৭ সেপ্টেম্বর নোটিস গ্রহণ করলেও আসামিরা নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করেননি।
পরে টাকা আদায়ে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের ১৩৮/১৪০ ধারায় ২০২৩ সালের ১৭ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।
মামলাটি বিচারের জন্য প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসার পর ২০২৪ সালের ৩১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করলেন আদালত।
বাদী মার্কেন্টাইল ব্যাংকের আইনজীবী নুসরাত আরা হীরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে। আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে এই সাজা কার্যকর হবে।




