সচেতনতার সাইনবোর্ডে অসচেতন চসিক

গ্রাফিকস: আগামীর সময়
প্রধানমন্ত্রীর যাত্রাপথ সাজছে, সাজানো হচ্ছে সড়ক বিভাজক। লাগানো হয়েছে নানা প্রজাতির গাছ। পথচারীদের সচেতন করতে বসানো হয়েছে একের পর এক চসিকের প্রচারণার সাইনবোর্ড। কিন্তু সেই বোর্ডে লেখা সচেতনতামূলক বার্তাতেই রয়েছে বানান ভুল। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এমন আয়োজন নিয়ে সাধুবাদ জানানোর জায়গায় উল্টো প্রশ্ন উঠেছে চসিকের অসচেতনতা নিয়ে।
আজ ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বিভিন্ন উপজেলা সফর শেষে নগরের সার্কিট হাউজের পাশে অবস্থিত পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর চলাচলের এ পথটিই চট্টগ্রাম নগরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এর পাশে রয়েছে সার্কিট হাউজ। নিয়মিত এই পথে চলাচল করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। প্রতিদিন যাতায়াত করেন বিপুলসংখ্যক নগরবাসীও।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে কাজীর দেউড়ি মোড় থেকে লালখান বাজার পর্যন্ত সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধনের কাজ করছে চসিক। সেখানে গাছ লাগানোর পাশাপাশি স্থাপন করা হয়েছে বিভিন্ন সচেতনতামূলক বোর্ড। কিন্তু সরেজমিনে দেখা গেছে, বেশ কয়েকটি বোর্ডে রয়েছে বানান ভুল। বড় অক্ষরে লেখা পরিষ্কারের জায়গায় লেখা হয়েছে ‘পনিষ্কার’। আর বেশ কিছু ব্যানারের শব্দে দীর্ঘ ‘ঈ’-এর বদলে হ্রস্ব ‘ই’-কার ‘ি’-এর গরমিল রয়েছে। আর এসব ভুল বানান পথচারীদের চোখে পড়ছে সহজেই।




