‘ভোর হলে শহর জাগে, যুক্তি হলে মানুষ’

চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ক্যাম্পাসে বিতর্ক প্রতিযোগিতা— সংগৃহীত
‘ভোর হলে শহর জাগে, যুক্তি হলে মানুষ’— এই স্লোগানে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ইডিউডিএস) আয়োজন করেছে ‘ইডিউডিএস তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’।
চার দিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ শনিবার শেষ হয়েছে চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) ক্যাম্পাসে।
এতে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও ৩২টি স্কুল-কলেজের বিতার্কিকরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে ইডিউডিএসের সাধারণ সম্পাদক মেহেবুবা কবিরের সঞ্চালনায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
প্রধান অতিথি বললেন, শিক্ষা অর্জনের ক্ষেত্রে কেবল ডিগ্রি নয়, বরং মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিগ্রির চেয়েও বড় বিষয় হলো নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করা ও ভালো মানুষ হওয়া। পড়াশোনার পাশাপাশি সমাজ ও দেশের মানুষের উপকারে আসার মতো করে নিজেকে তৈরি করতে হবে। এটাই একটি বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। বিতর্ক, সংস্কৃতি ও খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও চিন্তার বিস্তার ঘটায়। বিতর্ক মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং সহমর্মিতা বাড়ায়, যা মানবিক সমাজ গঠনে সহায়ক।
এ সময় উপস্থিত ছিলেন টাইটেল স্পনসর প্রত্যাশির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, ও ম্যাসেসের শাখা ব্যবস্থাপক বিপা দে।
উপস্থিত ছিলেন ট্রেজারার ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, শাহাজালাল ইসলামি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রাশেদ সরোয়ার, এছাড়া শিক্ষাবিদ, বিচারক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।







