গানে গানে দেবীর আগমনী বার্তা

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে পূজার গান
সমাজের চিন্তা ও মানুষের মনস্তত্ত্ব বদলে দিতে পারে গান। তাই আরও মৌলিক গান সৃষ্টি এবং বাংলা গানের সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
আজ বুধবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে সোমেশ্বর নৃত্যালয়ের উদ্যোগে চট্টগ্রামে সংগীতশিল্পী শুভ দাশ ও ঐশী রক্ষিতের মৌলিক পূজার গান ‘আগমনী’র আলপনা’ মুক্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা জানান, সময়ের সঙ্গে গান শোনার মাধ্যম বদলেছে। তবে হাজার বছরের বাংলা গানের আর্কষণ এখনো অটুট। সমাজের অসংগতি দূর করতে গান মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা ও সচেতনতা তৈরি করতে পারে।
আবৃত্তিশিল্পী কংকন দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সোমেশ্বর নৃত্যালয়ের পরিচালক সুকান্ত চৌধুরী। অনুষ্ঠানে শুভ দাশ ও ঐশী রক্ষিত সংগীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন সোমেশ্বর নৃত্যালয়ের শিল্পীরা।
‘আগমনী’র আলপনা’ গানের কথা লিখেছেন ডা. অম্বরীষ মিত্র। সুর করেছেন শুভ দাশ। সংগীতায়োজন করেছেন মলয় কুমার ইন্দু মুকেশ ও অনুজিত বড়ুয়া লিমন।
সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী এবং আজিম গ্রুপের পরিচালক অনুপ বরণ দাশ।



