‘জ্বিন তাড়াতে’ বেত দিয়ে পিটিয়ে প্রতিবন্ধী ছেলেকেই মেরে ফেললেন বাবা

গ্রাফিকস: আগামীর সময়
কবিরাজের পরামর্শে জ্বিন তাড়াতে গিয়ে প্রতিবন্ধী ছেলেকেই বেত দিয়ে পিটিয়ে মেরে ফেললেন এক বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙারচর গ্রামে।
মঙ্গলবার বিকেলে এ ঘটনার পর গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে বাবা নুর মোহাম্মদ ও কবিরাজ আব্দুন নুরকে আটক করেছে পুলিশ।
নিহত সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ (১৮) বাক ও মানসিক প্রতিবন্ধী বলে পুলিশ জানিয়েছে। তার বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্য।
কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ আগামীর সময়কে বললেন, ‘ছেলেটির পরিবারের সদস্যদের ধারণা তার শরীরে জ্বিনের বাতাস লেগেছে। এজন্য সে কথা বলতে পারে না। সুস্থ আচরণ করে না। জ্বিন তাড়ালে সে সুস্থ হয়ে যাবে। তার বাবা এখানকার এক কবিরাজের কাছে যান। কবিরাজ তাকে ঝাড়ফুঁক করার জন্য একটি বেত দেন।’
‘আজ (মঙ্গলবার) ঘরে ফিরে ছেলেটির বাবা তাকে বেত দিয়ে উপর্যুপরি পেটাতে শুরু করেন। এতে একপর্যায়ে নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ছেলেটি।’
ওসি নূর আহমেদ আরও জানালেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে সাঈদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাবা নুর মোহাম্মদকে আটক করা হয়। রাত ১১টার দিকে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে কবিরাজকে।




