৩ ঘণ্টায় বৃষ্টি ৩৮ মিলিমিটার

নগরের কাতালগঞ্জ এলাকায় বৃষ্টিতে সামান্য পানি ওঠে। ছবি: আগামীর সময়
চট্টগ্রামে আজ মঙ্গলবার সকাল থেকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে নগরের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হয়। এতে নগরের দুই একটি নিচু এলাকায় সামান্য পানি উঠেছে।
নগরের কাতালগঞ্জ ১ নম্বর গলি, বাদুরতলা ও কাপাসগোলার নিচু এলাকায় বৃষ্টির সময় পানি ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টি থামার পর অনেক জায়গায় পানি নেমে যায় বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম আমবাগান কেন্দ্র জানায়, সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ৩ ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও বৃষ্টির পূর্ভাবাস রয়েছে।
কর্তব্যরত আবহাওয়াবিদ বিজন রায় জানান, মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে বৃষ্টি ও বজ্র বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হবে।
অল্প সময়ে এত বৃষ্টিতেও এবার নগরে জলাবদ্ধতা তেমন দেখা যায়নি। তার মূল কারণ খালের বাঁধ অপসারণ। মে মাসের শুরুতেও চট্টগ্রামে ৭ খালের ৩৯ জায়গায় বাঁধ, মাটি ও আবর্জনা ছিল।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের চলমান কাজের অংশ হিসেবে এসব বাঁধ দেওয়া হয়েছিল। ১৩ মে নগরীর খাল-নালা সচল রাখা ও জলাবদ্ধতা নিরসনে গঠিত কমিটির প্রথম সভায় এই তথ্য জানানো হয়। পরে এসব প্রতিবন্ধকতা অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে খালে এসব প্রতিবন্ধকতা নেই। এ কারণে জলাবদ্ধতা হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।






