ছাত্রী হোস্টেলে জিমনেশিয়াম স্থাপনের আবেদন চাকসুর

সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রী হোস্টেলের জন্য নতুন জিমনেশিয়াম স্থাপনসহ এবং পুরনো জিমের আধুনিকায়নের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে এ জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে আবেদন করেছে চাকসু।
সম্প্রতি জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক এসব দাবি তুলে ধরেন।
সাক্ষাৎকালে কেন্দ্রীয় জিমনেশিয়ামের বর্তমান অবস্থা, শিক্ষার্থীদের শরীরচর্চার সুযোগ-সুবিধার ঘাটতি এবং ক্রীড়া কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সরঞ্জামের সংকটের বিষয়টি অবহিত করা হয়।
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বললেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ বাড়ানো জরুরি। এজন্য কেন্দ্রীয় জিমনেশিয়ামের উন্নয়ন এবং নারী হলগুলোতে পৃথক জিমনেশিয়াম স্থাপন করা প্রয়োজন।’
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ কামরুল হোসাইন জানালেন, ‘চাকসুর ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি (এজিএস) এই আবেদন করেছেন। শিক্ষার্থীদের কথা ভেবে তিনি এটি করতে পারেন। মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।’
আবেদনে কেন্দ্রীয় জিমনেশিয়ামের প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলোতে পৃথক জিমনেশিয়াম স্থাপনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ বাড়াতে আধুনিক ও পর্যাপ্ত ক্রীড়া সরঞ্জাম সরবরাহেরও অনুরোধ করা হয়।
সাক্ষাৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় অবদান ও বিভিন্ন পর্যায়ে তাদের সাফল্যের বিষয়টিও তুলে ধরা হয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের অংশগ্রহণ এবং অর্জনের কথা মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেন চাকসুর এজিএস।








