চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের নেতৃত্বে আছিফ-জাহাঙ্গীর

মোহাম্মদ আছিফ চৌধুরী ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম (বাঁ থেকে)
চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আছিফ-জাহাঙ্গীর পরিষদ নির্বাচিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) নগরীর আন্দরকিল্লায় জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভা ও নেতৃত্ব নির্বাচন করা হয়।
জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম এতে সভাপতিত্ব করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়া শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভাইস-চেয়ারম্যান পদে মোহাম্মদ আছিফ চৌধুরী এবং সেক্রেটারি পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নির্বাচিত ঘোষণা করা হয়। কার্যনির্বাহী সদস্য পদে ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ আছিফ চৌধুরী সাংবাদিকদের বললেন, ‘চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট ইউনিট মানবিক কার্যক্রম আরও গতিশীল করবে। দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াবে। স্বাস্থ্যসেবা, রক্তসেবা ও সামাজিক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’





