চট্টগ্রামের লালখান বাজার মোড়
৩ কোটির সেতু ফেলে ঝুঁকির পারাপার
- নগরের ১০ ঝুঁকিপূর্ণ সড়কের একটি সিডিএ অ্যাভিনিউ
- যার মধ্যে ১০ রাস্তার মিলনস্থল লালখান বাজার মোড়ে তিন বছরে গেছে ২০ প্রাণ

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম নগরের ১০টি ঝুঁকিপূর্ণ সড়কের একটি সিডিএ অ্যাভিনিউ (বহদ্দারহাট থেকে টাইগারপাস)। এই সড়কে গত তিন বছরে প্রাণ গেছে ২০ জনের। সড়কটির ব্যস্ততম ও ঝুঁকিপূর্ণ মোড়ের একটি লালখান বাজার। যেখানে এসে মিলিত হয়েছে ১০টি সড়ক। গাড়িও চলে দ্রুতবেগে। গাড়ির সঙ্গে মানুষের সংঘর্ষ ছিল এখানে নিত্য ঘটনা। দীর্ঘদিনের দাবি ছিল এই মোড়ে পদচারী সেতু নির্মাণের। তিন কোটি টাকা ব্যয়ে সেই পদচারী সেতু নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। যদিও মাথার ওপর প্রশস্ত সেতু থাকার পরও নিচ দিয়ে গাড়ির ফাঁকফোকর গলে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন সাধারণ মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, উচ্চতা ও হাঁটার দূরত্বের কারণে পথচারীদের একাংশ আগ্রহী হন না ফুটওভার ব্রিজ ব্যবহারে। তবে পথচারীদের অন্য অংশ মিড আইল্যান্ড দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধ করে দিয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার বাধ্য করার দাবি জানিয়েছেন।
২ কোটি ৮০ লাখ টাকায় লালখান বাজার মোড়ে নির্মিত পদচারী সেতুটির দৈর্ঘ্য ১৩৮ ফুট, যা মূল সড়ক থেকে ১৮ ফুট উঁচু। পথচারীদের ওঠানামার সুবিধার্থে সেতুটির চারপাশে রয়েছে ওঠানামার চারটি পথ। সিঁড়িগুলোর প্রস্থ ৮ ফুট। গত ১৪ নভেম্বর খুলে দেওয়া হয় এই সেতু।
নগরের ব্যস্ত এই মোড়ে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় ঘটে একাধিক দুর্ঘটনা। ২০২২ সালের ১২ ডিসেম্বর মিনিবাসের ধাক্কায় স্কুলশিক্ষক ফারহানা ও তার মেয়ে সায়কা এবং ২০২৩ সালের ২৪ জানুয়ারি প্রাইভেট কারের ধাক্কায় আহত হন এক তরুণী। এসবের পর এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জোরালো হয়। এরই ধারাবাহিকতায় একই দাবিতে গত বছরের ১১ সেপ্টেম্বর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে এই মোড়ে হয় মানববন্ধন।
সেতুটি চালুর পর শিশুদের মধ্যে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আগ্রহ দেখা গেছে। অভিভাবকদের কেউ কেউ শিশুদের নিয়ে সেতু দিয়েই পার হচ্ছেন। পথচারী রেহানা আক্তার বললেন, ‘বাচ্চাদের নিয়ে সেতু দিয়ে পার হওয়াই নিরাপদ। রাস্তা দিয়ে পার হতে ভয় লাগে, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শিশুদের কিছুটা কষ্ট হয়। তারপরও চেষ্টা করি সেতু ব্যবহার করতে।’
তবে সময় বাঁচাতে অনেকেই সেতু এড়িয়ে চলছেন। চাকরিজীবী রুবেল দাস বলছিলেন, ‘সেতু দিয়ে পার হলে কিছুটা ঘুরে যেতে হয়। তাই সময় বাঁচাতে সরাসরি রাস্তা পার হই।’ মনজুর আহমেদ নামে আরেক পথচারীর ভাষ্য, ‘সেতু হওয়ার পর অনেকে এটি ব্যবহার করছেন। তবে কিছু মানুষ এখনো আগের মতোই ব্যস্ত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। এজন্য মিড আইল্যান্ড দিয়ে পারাপার স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে।’
ফুটওভার ব্রিজ পথচারী পারাপারের স্বীকৃত ব্যবস্থা হলেও গ্লোবাল ডিজাইনিং সিটিজ ইনিশিয়েটিভের ‘গ্লোবাল স্ট্রিট ডিজাইন গাইড’ অনুযায়ী, সাধারণ নগর সড়কে সমতলে নিরাপদ পারাপারকেই অগ্রাধিকার দেওয়া উচিত। ফুটওভার ব্রিজ, আন্ডারপাস হাঁটার দূরত্ব ও যাতায়াতের সময় বাড়ায় এবং চলাফেরায় অসুবিধা থাকা মানুষের জন্য প্রবেশগম্য না হওয়ায় অনেকেই এগুলো এড়িয়ে চলেন। নির্দেশিকায় সড়কের প্রস্থ, যানবাহনের গতি ও পরিমাণ বিবেচনায় সিগন্যাল, গতি নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে মাঝে নিরাপদ অপেক্ষার স্থান রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘সেভ লাইভস’ সড়ক নিরাপত্তা প্যাকেজে পথচারী ও সাইকেল চালকদের বৈধ সড়ক ব্যবহারকারী হিসেবে স্বীকৃতি দিয়ে শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদা অনুযায়ী নিরাপদ সিগন্যালযুক্ত পারাপারের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে সবার ব্যবহারযোগ্য ফুটওভার ব্রিজ ও আন্ডারপাসের ব্যবস্থাও সমর্থন করে সংস্থাটি।



