বানভাসি মানুষের পাশে যুবদল নেতা মুন্না

ত্রাণ কাঁধে করে নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছবি : আগামীর সময়
বন্যাদুর্গত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি দল বিএনপির যুব সংগঠন যুবদল।
আজ রবিবার যুবদল বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে যুবদল নেতারা সকালে বাঁশখালীতে রওনা হন। সেখানে বাহারছড়া ইউনিয়নসহ কয়েকটি এলাকায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। চাল, ডাল, আলু, পিঁয়াজসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এ ছাড়া বিশুদ্ধ খাবার পানি, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বাঁশখালীতে ত্রাণ বিতরণ শেষে যুবদল নেতারা সাতকানিয়ায় যান। সেখানে ঢেমশা ও কেউচিয়া ইউনিয়নে বানভাসি মানুষের হাতে ত্রাণ তুলে দেন।
এ সময় আবদুল মোনায়েম মুন্না প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বানভাসি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানান। তারা বন্যায় মারা যাওয়া শিশুদের স্বজনকেও সান্ত্বনা দেন।
ত্রাণ বিতরণের সময় যুবদলের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, মাহাফুজুর রহমান, মোহাম্মদ শাহেদ ও ফেরদৌস মুন্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাহাজান, সাধারণ সম্পাদক আজগর হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি হাসান জসিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার পানিতে থই থই করছে। খাওয়া দাওয়াসহ নানা কষ্টে দিন কাটাচ্ছে বানভাসী মানুষ। জেলার সাড়ে ৭ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার মানুষ।




