জুলাই অভ্যুত্থান নিয়ে ফেসবুকে কটাক্ষ, চবি শিক্ষক সাময়িক বহিষ্কার

চবির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী (পিলু)। সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক সহযোগী অধ্যাপককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগটি আরও খতিয়ে দেখতে নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া ব্যক্তি হলেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী (পিলু)।
গত ৩ জুলাই নিজের ফেসবুক প্রোফাইলে জুলাই আন্দোলনকে নিয়ে একটি পোস্ট দেন আবদুল ওয়াহেদ। পরে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ছড়িয়ে পড়া পোস্টে জুলাই আন্দোলন নিয়ে অশ্লীল ও বিদ্রুপমূলক বক্তব্য রয়েছে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. আল আমিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় অভিযোগটি আরও বিস্তারিতভাবে তদন্ত করতে পৃথক আরেকটি কমিটি গঠন করা হয়েছে। নতুন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপ করার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
সাময়িক বহিষ্কারের বিষয়ে ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ বললেন, ‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি।’






