চট্টগ্রামেও মিলছে মালয়েশিয়ার টিলাইভ

ছবি: আগামীর সময়
মালয়েশিয়ার জনপ্রিয় লাইফস্টাইল ও হালাল টি ব্র্যান্ড টিলাইভ'র নতুন আউটলেট চালু হয়েছে চট্টগ্রামে।
আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর দক্ষিণ খুলশীর সিপিডিএল রহিম প্লাজার আরবান টেরেস ফুড কোর্টে আউটলেট উদ্বোধন হয়।
মধু, লেমন, ক্যারামেল, চকোলেট, স্ট্রবেরি পার্ল মিল্কসহ ভিন্ন স্বাদের এই চা ৩৩০ টাকা থেকে শুরু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল মোহাম্মদ আকতার পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান এবং বারকোড গ্রুপের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ বকর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিলাইভ বাংলাদেশের পরিচালনাকারী প্রতিষ্ঠান এঅ্যান্ডআই ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলী এবং টিলাইভ মালয়েশিয়ার সদর দপ্তরের প্রতিনিধি খায়রুল আনোয়ার।
মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত টিলাইভ বিশ্বব্যাপী ৯০০টিরও বেশি আউটলেটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক যাত্রার অংশ হিসেবে গত ৮ অক্টোবর ঢাকার বনানী ও গুলশানে দুটি আউটলেট চালু করা হয়। এর ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে যাত্রা শুরু করল ব্র্যান্ডটি।
বাংলাদেশের সমৃদ্ধ চা-সংস্কৃতির সঙ্গে আধুনিক লাইফস্টাইল, উদ্ভাবনী স্বাদ এবং নতুন প্রজন্মের পছন্দকে সমন্বয় করে সমসাময়িক বেভারেজ অভিজ্ঞতা তৈরি করা টিলাইভ বাংলাদেশের অন্যতম লক্ষ্য। চট্টগ্রামে নতুন আউটলেট চালুর মধ্য দিয়ে স্থানীয় ভোক্তাদের কাছে আন্তর্জাতিক মানের চা ও পানীয় সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দেশের বাজারে ব্র্যান্ডটির কার্যক্রম আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হলো।



