বহদ্দারহাটে দুই শতাধিক দোকান উচ্ছেদ
প্রতিবেদক, চট্টগ্রাম

ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে চট্টগ্রাম সিটি করপোরেশন
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
আজ বৃহস্পতিবার চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
চসিকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এসব দোকান ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়। অভিযানের মাধ্যমে এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়।
চসিকের পক্ষ থেকে জানানো হয়, নগরীর ফুটপাতগুলো পথচারীদের চলাচলের উপযোগী রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চান্দগাঁও থানা পুলিশ সহযোগিতা করে।



