দুই রাষ্ট্রপ্রধানের দেশ
ইউরোপের ছোট্ট দেশ সান মারিনো সম্পর্কে যা জানা গেল

সান মারিনোর আয়তন ঢাকার অনেক উপজেলার চেয়েও ছোট
মাত্র ৩৪ হাজার মানুষের দেশ। আয়তন ঢাকার অনেক উপজেলার চেয়েও ছোট। বিশ্বকাপের বাছাইপর্ব এলেই যাদের নাম প্রায়ই উঠে আসে বড় ব্যবধানে হারের তালিকায়। সেই দেশটিকেই গতকাল শুক্রবার আন্তর্জাতিক ফুটবলে হারিয়েছে বাংলাদেশ।
ফলাফলটি বাংলাদেশের জন্য আনন্দের। কিন্তু ম্যাচের স্কোরলাইনের আড়ালে লুকিয়ে আছে এক অন্য গল্প। কারণ প্রতিপক্ষ সান মারিনো শুধু একটি ফুটবল দল নয়, এটি পৃথিবীর সবচেয়ে পুরোনো টিকে থাকা প্রজাতন্ত্রগুলোর একটি। এমন এক দেশ, যার ইতিহাস শুরু হয়েছিল প্রায় ১৭০০ বছর আগে, যখন পৃথিবীর বহু আধুনিক রাষ্ট্রের অস্তিত্বই ছিল না।
ইতালির বুকের মধ্যে ছোট্ট একটি পাহাড়ি দেশ সান মারিনো। গাড়িতে করে যেতে যেতে হঠাৎই একটি সাইনবোর্ড জানিয়ে দেয়, আপনি আর ইতালিতে নেই। কোনো সীমান্তচৌকি নেই, নেই কড়াকড়ি। কিন্তু আপনি ঢুকে পড়েছেন একটি স্বাধীন রাষ্ট্রে।
মাত্র ৬১ দশমিক ২ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিকে অনেকেই প্রথম দেখায় ইতালির কোনো শহর বলে ভুল করেন। ভাষা ইতালীয়, খাবার ইতালীয়দের মতো, সংস্কৃতিও কাছাকাছি। কিন্তু সান মারিনোর মানুষ নিজেদের পরিচয় নিয়ে বেশ গর্বিত। তারা ইতালীয় নন, তারা সাম্মারিনেসি।
দেশটির জন্ম নিয়ে একটি জনপ্রিয় কাহিনি আছে। ৩০১ খ্রিস্টাব্দে বর্তমান ক্রোয়েশিয়ার রাব দ্বীপ থেকে সেন্ট মারিনাস নামে এক খ্রিস্টান পাথরশিল্পী রোমান সম্রাট ডায়োক্লেশিয়ানের নির্যাতন এড়িয়ে এসে আশ্রয় নেন মাউন্ট তিতানো নামের একটি পাহাড়ে। সেখানে গড়ে ওঠে একটি ছোট সম্প্রদায়। সেই সম্প্রদায়ই ধীরে ধীরে পরিণত হয় আজকের সান মারিনোতে।
বিশ্বের বহু রাজ্য, সাম্রাজ্য ও সামন্তশাসন ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। কিন্তু পাহাড়চূড়ার এই ক্ষুদ্র রাষ্ট্রটি টিকে আছে শতাব্দীর পর শতাব্দী।
সান মারিনোর রাজনৈতিক ব্যবস্থাও বেশ অদ্ভুত। পৃথিবীর বেশির ভাগ দেশে একজন রাষ্ট্রপ্রধান থাকেন। এখানে আছেন দুজন। তাঁদের বলা হয় ‘ক্যাপ্টেন রেজেন্ট’। সবচেয়ে মজার ব্যাপার হলো, তাঁরা আবার দায়িত্বে থাকেন মাত্র ছয় মাস। তারপর নতুন দুজন আসেন। ১২৪৩ সাল থেকে চলে আসছে এই ব্যবস্থা।
দেশটির রাজধানীও সান মারিনো। পাহাড়ের গায়ে গড়ে ওঠা মধ্যযুগীয় শহরটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। এখানে গেলে চোখে পড়ে তিনটি বিখ্যাত টাওয়ার—গুয়াইতা, চেস্তা ও মোনতালে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই দুর্গগুলো শত শত বছর ধরে স্বাধীনতার প্রতীক হয়ে আছে।






