ক্রিমিয়ায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা রুশ কর্তৃপক্ষের

ক্রিমিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে রাশিয়া-নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ- রয়টার্স
ইউক্রেনের ধারাবাহিক হামলার পর পর্যটন কার্যক্রম, শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্প এবং জ্বালানি বিক্রি স্থগিত করার পর এবার ক্রিমিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে রাশিয়া-নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ।
শুক্রবার রাশিয়ার নিয়োগ দেওয়া ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ টেলিগ্রামে জানান, অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় উপদ্বীপজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তিনি বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে জনজীবনের সঙ্গে সংশ্লিষ্ট সব খাতের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত নেওয়া সহজ হবে।
তবে বাস্তবে জরুরি অবস্থা কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। এর লক্ষ্য মস্কোর সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক শক্তিকে দুর্বল করা এবং ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগ ব্যাহত করা।
ড্রোন হামলার কারণে ক্রিমিয়ায় জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। স্থানীয়রা জ্বালানির দাম বৃদ্ধি এবং পেট্রলপাম্পে দীর্ঘ সারির কথা জানিয়েছেন।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বেসামরিক অবকাঠামোর ওপর এসব হামলার উদ্দেশ্য রাশিয়ার জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা।




