পাল্টা হামলা করলে সর্বোচ্চ শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের

সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মাধ্যমে নতুন এক বিবৃতিতে ইরানকে পাল্টা হামলা থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘ইরান মাত্রই বলেছে যে তারা আজ খুব জোরালোভাবে আঘাত হানবে, এর আগে কখনো যতটা আঘাত পেয়েছে তার চেয়েও কঠোরভাবে।’
তিনি সতর্ক করে বলেছেন, ‘তবে তাদের তা করা উচিত নয়, কারণ যদি তারা তা করে, তাহলে আমরা তাদের ওপর এমন শক্তি প্রয়োগ করব, যা আগে কখনো দেখা যায়নি!’
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডকে ‘একটি বৃহৎ অপরাধ’ হিসেবে নিন্দা জানিয়ে কঠোর প্রতিক্রিয়ার অঙ্গীকার করেছেন বলে তার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এই বৃহৎ অপরাধ কখনোই উত্তরহীন থাকবে না এবং এটি ইসলামী বিশ্ব ও শিয়াবাদের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করবে। এই উচ্চপদস্থ নেতার পবিত্র রক্ত উত্তাল ঝরনার মতো প্রবাহিত হয়ে আমেরিকান-জায়নিস্ট নিপীড়ন ও অপরাধ নির্মূল করবে।’




