যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনে বন্ড জমার বিধান স্থায়ী হচ্ছে

ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এমন একটি ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে, যার আওতায় ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করার সময় সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হতে পারে। শুক্রবার অনলাইনে প্রকাশিত একটি ফেডারেল নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এই কর্মসূচি ব্যবসা ও পর্যটনের জন্য দেওয়া বি-১ ও বি-২ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নোটিশে বলা হয়েছে, ভিসা দেওয়ার শর্ত হিসেবে সংশ্লিষ্ট অনভিবাসী ভিসা আবেদনকারীদের সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে বলতে পারবেন কনস্যুলার কর্মকর্তারা।
২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলারের বন্ড দেওয়ার সুযোগ ছিল। চূড়ান্ত নিয়মে ৫ হাজার ডলারের বিকল্পটি বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে।
নতুন নিয়মটি ৩ আগস্ট কার্যকর হবে। কর্মসূচির আওতাভুক্ত ৫০টি দেশের মধ্যে ৩০টি আফ্রিকার।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়ার প্রবণতা কমানোই এই নীতির লক্ষ্য। তবে অভিবাসন অধিকারকর্মীদের আশঙ্কা, এর ফলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে ভ্রমণ করতে আগ্রহী ব্যক্তিরাও নিরুৎসাহিত হতে পারেন।
অধিকারকর্মীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সমালোচনা করে বলেছেন, এসব পদক্ষেপ মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে এগুলো জাতিগত সংখ্যালঘুদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে হয়রানি বাড়াতে পারে। তবে ট্রাম্প এসব পদক্ষেপকে জাতীয় নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় বলে দাবি করেছেন।
অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের কথা বললেও ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসনও কঠিন করেছে। নির্দিষ্ট কিছু ভিসার আবেদনকারীদের জন্য ব্যয়বহুল নতুন ফি আরোপ এবং আবেদনকারী ও যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।
সূত্র-রয়টার্স







