ডোনাল্ড ট্রাম্প
চুক্তিতে দেরি করায় পরিণতি ভোগ করতে হবে ইরানকে

ডোনাল্ড ট্রাম্প— রয়টার্স
মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন নতুন করে তীব্র আকার নিয়েছে, ঠিক তখনই ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চুক্তি নিয়ে দীর্ঘ সময়ক্ষেপণ করেছে তেহরান, আর এখন সেই সিদ্ধান্তের ‘পরিণতি ভোগ করতে হবে’ দেশটিকে। একই সময়ে অঞ্চলজুড়ে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টার খবরও পাওয়া যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান শুধু কথাই বলে, কাজ করে না। তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনায় খুব বেশি সময় নষ্ট করেছে, যা তাদের জন্য দারুণ হতো। এখন তাদের এর পরিণতি ভোগ করতে হবে!’
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন পরিস্থিতি সম্পর্কে অবগত এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে একটি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টায় কাতারের মধ্যস্থতাকারীরা বুধবার সকালে তেহরানে গেছেন।
ট্রাম্পের পোস্ট কিংবা আলোচকদের সফর ও পরামর্শ নিয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।


