জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত

ছবি: রয়টার্স
ইরানের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় যোগ দিয়ে সুইজারল্যান্ড সফরের কথা ছিল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তবে হঠাৎই সেই সফর স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির জন্য একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে এতে আগ্রহ দেখায়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ভাষ্য, দুই দেশের প্রেসিডেন্ট চুক্তিতে স্বাক্ষর করার পর আর কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই।
ইরান জানিয়েছিল তারা খুঁটিনাটি আলোচনা শুরু করতে প্রস্তুত। পরে বৃহস্পতিবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, পরবর্তী দফার শান্তি আলোচনা শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নের অগ্রগতি দেখতে চায়। প্রতিবেদনে আরও জানানো হয়, ইরানের প্রতিনিধিদল যে জেনেভায় যাবে সেটি এখনো নিশ্চিত নয়। আর এরপরই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিতের ঘোষণা আসে।
আলোচনার পরিকল্পনা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ভ্যান্স এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। পরে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এই আলোচনার কার্যপদ্ধতি কখনোই সহজ বা অনুমানযোগ্য ছিল না।




