মহাকাশে ডেটা সেন্টারের অনুমতি, মার্কিন শিশুদের দুটি করে স্পেসএক্স শেয়ার দেবেন মাস্ক

ইলন মাস্ক— রয়টার্স
মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জন্য ডেটা সেন্টার গড়ে তুলতে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন পেয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে প্রতিষ্ঠানটির দুটি করে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এই উদ্যোক্তা। মহাকাশভিত্তিক এআই অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের হাতে প্রতিষ্ঠানের মালিকানার অংশ তুলে দেওয়ার এই উদ্যোগ প্রযুক্তি ও অর্থনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) বুধবার স্পেসএক্সকে এক মিলিয়ন বা ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দেয়। ‘স্টারমাইন্ড’ নামের এই প্রকল্পের আওতায় পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইটভিত্তিক ডেটা সেন্টার স্থাপন করতে চায় প্রতিষ্ঠানটি। এসব স্যাটেলাইট সূর্যের আলো থেকে শক্তি নিয়ে এআইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য প্রক্রিয়াকরণ করবে এবং সেই তথ্য পৃথিবীতে পাঠাবে।
এফসিসি বলেছে, প্রকল্পটি যুক্তরাষ্ট্রের দ্রুত সম্প্রসারিত সুপারইন্টেলিজেন্স অর্থনীতিকে সহায়তা করবে। সংস্থাটির চেয়ারম্যান ব্রেন্ডন কারের ভাষায়, এটি কম্পিউটিং অবকাঠামোর ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং মহাকাশ ও উন্নত প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আরও শক্তিশালী করবে।
মাস্কও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বড় সম্পদ হয়ে উঠবে।
এফসিসির অনুমোদন অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করতে হবে স্পেসএক্সকে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত স্যাটেলাইটের অন্তত ১০ শতাংশ এবং ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ উৎক্ষেপণ করতে হবে। তবে প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত সত্যিই ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। স্পেসএক্স জানিয়েছে, আগামী বছরই প্রথম স্টারমাইন্ড স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে তাদের।
বর্তমানে স্পেসএক্সের স্টারলিংক নেটওয়ার্কে ১০ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে। স্টারমাইন্ডের স্যাটেলাইটগুলোও পৃথিবী থেকে ৫০০ থেকে ২ হাজার কিলোমিটার উচ্চতায় নিম্ন কক্ষপথে অবস্থান করবে। এগুলো স্টারলিংকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তথ্য পৃথিবীতে পাঠাবে।
তবে এ পরিকল্পনা নিয়ে সমালোচনাও রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যামাজন প্রকল্পটিকে বাস্তব পরিকল্পনার চেয়ে উচ্চাভিলাষী ঘোষণা হিসেবে দেখছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, বিপুলসংখ্যক স্যাটেলাইট রাতের আকাশ পর্যবেক্ষণ ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
মহাকাশে এআই অবকাঠামো নির্মাণের পরিকল্পনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্পেসএক্সের মালিকানা ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নিয়েছেন মাস্ক। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশু স্পেসএক্সের দুটি করে শেয়ার পাবে। এর একটি দেবে প্রতিষ্ঠানটি এবং অন্যটি দেবেন তিনি ব্যক্তিগতভাবে।
মাস্কের ভাষ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ারগুলো আগামী মাসে হস্তান্তর করা হবে। তবে তার ব্যক্তিগত শেয়ারটি হস্তান্তর করা হবে আগামী বছরের জুনে তার শেয়ার বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে।
এর আগে বুধবার স্পেসএক্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ কর্মসূচির আওতায় বর্তমানে সক্রিয় প্রতিটি অ্যাকাউন্টে নতুন ইস্যু করা একটি করে ক্লাস-এ সাধারণ শেয়ার দেবে তারা। মাস্কও ব্যক্তিগতভাবে সমপরিমাণ শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ১৮ বছরের কম বয়সীদের শেয়ারবাজারে অংশগ্রহণের সুযোগ তৈরি এবং দীর্ঘমেয়াদে সম্পদ গড়ে তুলতে এই কর্মসূচি চালু করা হয়েছে। হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে এ ধরনের প্রায় সাত কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল।
বুধবার শেয়ারবাজারে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। সেই হিসাবে মাস্কের ঘোষিত উপহারের মূল্য প্রায় ১৮ বিলিয়ন বা ১ হাজার ৮০০ কোটি ডলার। তবে সব শিশুর কাছে শেয়ার পৌঁছানোর প্রক্রিয়া এবং ট্রাম্প অ্যাকাউন্টের বাইরের শিশুরা কীভাবে এই সুবিধা পাবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি স্পেসএক্স।
বাজার বিশ্লেষকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে স্পেসএক্স একদিকে বিপুলসংখ্যক দীর্ঘমেয়াদি ব্যক্তিগত শেয়ারধারী তৈরি করতে পারে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শেয়ারবাজারে অংশগ্রহণের আগ্রহও বাড়াতে পারে।
মাস্কের সম্পদের পরিমাণ আনুমানিক ৮২৪ বিলিয়ন ডলার। গত মাসেও তিনি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার জনহিতকর কর্মকাণ্ডের বড় অংশ পরিচালিত হয় মাস্ক ফাউন্ডেশনের মাধ্যমে। অন্যদিকে, এআই খাতের আরেক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক সম্প্রতি নিজেদের শেয়ারের ৫ শতাংশ জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য একটি নতুন তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছে। বর্তমান বাজারমূল্যে ওই উদ্যোগের পরিমাণ প্রায় ৫৪ বিলিয়ন ডলার।
সূত্র: বিবিসি, রয়টার্স




