স্পেস এক্সের জোড়া উৎক্ষেপণে মহাকাশে নতুন ইতিহাসের ইঙ্গিত
- ফ্লোরিডা থেকে গ্লোবালস্টার, ক্যালিফোর্নিয়া থেকে মার্কিন মহাকাশ বাহিনীর স্যাটেলাইট—একদিনেই দুই ফ্যালকন-৯ উৎক্ষেপণে ব্যস্ত স্পেস এক্স

মার্কিন প্রতিরক্ষা মিশন, বৈশ্বিক যোগাযোগ অবকাঠামো এবং পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতেও স্পেস এক্স দ্রুত এগিয়ে যাচ্ছে।
মহাকাশে নিজেদের দাপট আরও বাড়িয়ে শনিবার একদিনেই যুক্তরাষ্ট্রের দুই উপকূল থেকে দুটি ফ্যালকন-৯ উৎক্ষেপণের প্রস্তুতি নিয়েছে ইলন মাস্কের স্পেস এক্স। ফ্লোরিডার কেপ কানাভেরাল এবং ক্যালিফোর্নিয়ার ভানডেনবার্গ স্পেস ফোর্স বেস—দুই ঘাঁটি থেকেই পৃথক মিশন পরিচালনার পরিকল্পনা রয়েছে।
ফ্লোরিডা থেকে ফ্যালকন-৯ এর মাধ্যমে গ্লোবালস্টারের যোগাযোগ নেটওয়ার্কের জন্য আটটি নতুন স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। মিশনটির উদ্দেশ্য গ্লোবালস্টারের নিম্ন-পৃথিবী কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্ক আরও শক্তিশালী করা।
অন্যদিকে ক্যালিফোর্নিয়া থেকে ফ্যালকন-৯ এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের একটি প্রতিরক্ষা-সংক্রান্ত মহাকাশ মিশন পরিচালনার প্রস্তুতি চলছে।।
এর মাত্র কয়েক দিন আগেও স্পেস-এক্স পরপর দুটি স্টারলিঙ্ক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। ১১ আগস্ট ২৯টি এবং ১২ আগস্ট আরও ২৪টি স্টারলিঙ্ক স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়। ধারাবাহিক এসব উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে স্পেস এক্সের কার্যক্রম আরও দ্রুত ও বিস্তৃত হচ্ছে।
স্পেস এক্সের উৎক্ষেপণ কর্মসূচি এখন শুধু বাণিজ্যিক স্যাটেলাইট কিংবা স্টারলিঙ্ক সম্প্রসারণে সীমাবদ্ধ নেই। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মিশন, বৈশ্বিক যোগাযোগ অবকাঠামো এবং পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতেও প্রতিষ্ঠানটি দ্রুত এগিয়ে যাচ্ছে।
একদিনে দুই প্রান্ত থেকে এই জোড়া অভিযান মহাকাশে দ্রুত ও ঘন ঘন উৎক্ষেপণের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে।






