ইরান চুক্তির জন্য আরও কঠোর শর্ত ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স
ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে সম্ভাব্য কাঠামোগত চুক্তির শর্ত আরও কঠোর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশোধিত প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য তেহরানে পাঠিয়েছেন তিনি। সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
চুক্তির খসড়ায় ঠিক কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি।
দুই কর্মকর্তার তথ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তির কিছু অংশ নিয়ে ট্রাম্প উদ্বিগ্ন ছিলেন, বিশেষ করে যেখানে ইরানের জন্য জব্দকৃত অর্থ ছাড় করার বিষয়টি রয়েছে।
এক দশকেরও বেশি আগে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে করা চুক্তিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একই ধরনের পদক্ষেপ নেওয়ায় দীর্ঘদিন ধরেই তার কঠোর সমালোচনা করে আসছেন ট্রাম্প।
এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিতে ইরানের দীর্ঘ সময় নেওয়ায়ও ট্রাম্প বিরক্ত ছিলেন। পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর অংশগ্রহণে তৈরি করা হয়েছে এসব প্রস্তাব।
ওই কর্মকর্তা আরও জানান, ট্রাম্পের আনা নতুন কঠোর প্রস্তাবের উদ্দেশ্য সম্ভবত প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নেওয়া। এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমোদনের জন্য এরই মধ্যে পাঠানো কাঠামোগত চুক্তি গ্রহণে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা।
সর্বোচ্চ নেতার কাছে পৌঁছানো কঠিন হওয়ায় সমঝোতা স্মারক নামে পরিচিত নথিটিতে যেকোনো পরিবর্তন নতুন করে বিলম্বের কারণ হতে পারে।
এর আগে শুক্রবার ট্রাম্প দুই ঘণ্টা ধরে সিচুয়েশন রুমে তার শীর্ষ সহযোগীদের সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে বৈঠক করেন। তবে বৈঠক শেষে দেওয়া হয়নি কোনো ঘোষণা।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ইরান যদি হরমুজ প্রণালির অবরোধ তুলে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান কার্যত শেষ হবে। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু হওয়ার আগে বাণিজ্যের জন্য উন্মুক্ত ছিল তেল ও গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি।
পরবর্তী দফার আলোচনার জন্য স্থগিত রাখা হবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যতের মতো জটিল বিষয়গুলো।






