মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ, ঝুঁকিতে সামরিক তথ্য

পেন্টাগন— রয়টার্স
মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এ ঘটনায় বিপুল পরিমাণ সংবেদনশীল সামরিক কৌশলগত তথ্য, জনবলের তথ্য এবং রসদ ব্যবস্থাপনার তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি জানিয়েছেন এ তথ্য।
দুই ব্যক্তি জানান, গত এক মাসের মধ্যে ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মের উন্নয়নকাজ চলাকালে হ্যাকিংয়ের বিষয়টি ধরা পড়ে। এর ফলে পুরো প্ল্যাটফর্ম জুড়ে কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে হ্যাকাররা কারা, অনুপ্রবেশের পরিধি কতটুকু কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিমানবাহিনী বলেছে, ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা বা কার্যক্রমের অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও কার্যক্রমের সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।’
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানের উদ্দেশ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তিসংক্রান্ত সব প্রয়োজন এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট— এই চার প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটি পরিচালিত হয়। এর মাধ্যমে জনবলের তথ্য, বেতন, রসদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণসহ নানা কাজের জন্য তৈরি অসংখ্য অ্যাপ্লিকেশন পরিচালিত হয়।
এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। এটি উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য উৎসের তথ্য একত্র করে। এ ছাড়া রয়েছে থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম। বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে বোমা ও ক্ষেপণাস্ত্রের অবস্থান এবং গতিবিধি পর্যবেক্ষণ করে এই ব্যবস্থা।
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। মন্তব্য জানতে এসএআইসির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি। লেইডোস এ বিষয়ে প্রশ্নের উত্তর জানতে বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেছে।
দুটি সূত্রের মতে, ক্লাউড ওয়ান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি।
একটি সূত্র বলেছে, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত গুরুতর।’
একটি সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাইবার ইউনিট সাইবার কমান্ডকে যুক্ত করেছেন।
মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাইবার কমান্ড সাড়া দেয়নি।
বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রমে বিঘ্ন
হ্যাকিংয়ের বিষয়টি শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। দুটি সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত চতুর্থ এক ব্যক্তি জানিয়েছেন, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার হিসেবে বিবেচিত দাপ্তরিক ও প্রশাসনিক অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ স্থগিত করা হয়েছে।
ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতার তথ্য প্রকাশিত হওয়ার পরও বিমানবাহিনীর কর্মীরা সেগুলোর নিরাপত্তা ত্রুটি সংশোধন করতে পারছেন না। পঞ্চম একটি সূত্র জানিয়েছে, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক ব্যবস্থাপনার অধিকারও বাতিল করা হয়েছে।
পাঁচটি সূত্রই পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছে।
একটি সূত্র জানিয়েছে, সাইবার হামলাকারীরা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’ বা নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে। ওই ব্যক্তি কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন। তার মতে, তাত্ত্বিকভাবে এই ব্যবস্থায় প্রবেশের সুযোগ পেলে হামলাকারীরা সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারে। তবে এ ঘটনায় হ্যাকাররা এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়।
হ্যাকাররা সফটওয়্যারের ঠিক কোন দুর্বলতাকে কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।
একের পর এক সাইবার হামলা
ক্লাউড ওয়ানে অনুপ্রবেশের খবর এমন একসময়ে এলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চালানো সাইবার হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের হামলা বিশেষভাবে গুরুতর। কারণ, এআই মডেলগুলো দ্রুত বিস্তৃত নেটওয়ার্কের বিভিন্ন দুর্বলতা শনাক্ত করতে পারে।
সম্প্রতি প্রকাশ্যে আসা অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার প্রভাব সামাল দিতে হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারকে। এর মধ্যে রয়েছে এফবিআইয়ে দুটি হামলা, পেন্টাগনের তথ্যভান্ডারে আগের একটি সাইবার হামলা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং অর্থ মন্ত্রণালয়ে একটি সাইবার হামলা।
দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু ক্লাউড ওয়ান।
অনলাইন প্রকাশনা ফেডস্কুপে ২০২৩ সালে প্রকাশিত এক নিবন্ধে ক্লাউড ওয়ানের কর্মকর্তারা প্ল্যাটফর্মটিতে অনুপ্রবেশের ‘বিস্ময়কর’ সংখ্যক প্রচেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে নিজেদের ‘১০০ শতাংশ সফলতার’ দাবি করেছিলেন।
ক্লাউড ওয়ানের কর্মকর্তারা ওই নিবন্ধে লিখেছিলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে ভুল করার কোনো সুযোগ নেই।’



