এপেক সম্মেলনে রাশিয়ার ‘পারমাণবিক ব্রিফকেস’, এতে কী আছে?

ছবি: রয়টার্স
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার শেনজেনে পৌঁছান যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা। এ সময় রাশিয়ার সামরিক এক কর্মকর্তাকে রহস্যময় একটি কালো ব্রিফকেস বহন করতে দেখা যায়।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের ক্যামেরাপার্সন ওই কর্মকর্তা ও ব্রিফকেসটির দিকে ক্যামেরা তাক করেন। এ সময় প্রতিবেদক দর্শকদের উদ্দেশে জানান, ‘এটি পারমাণবিক ব্রিফকেস।’
হাসিমুখে ওই কর্মকর্তা নিশ্চিতও করেন, এটি আসলেই রুশ প্রেসিডেন্টের দেশের পারমাণবিক অস্ত্রভান্ডারে সরাসরি প্রবেশাধিকারের জন্য ব্যবহৃত ব্রিফকেস। এর নাম ‘চেগেট’।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছেও একই ধরনের একটি ব্যাগ থাকে। এর নাম ‘নিউক্লিয়ার ফুটবল’। এটি সবসময় প্রেসিডেন্টের সঙ্গেই থাকে। তবে শেনজেনে এখন পর্যন্ত এটি দেখা যায়নি। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গেও এ ধরনের কোনো ব্রিফকেস থাকে কি না, তা স্পষ্ট নয়।
পারমাণবিক ব্রিফকেস কী?
এটি বিশেষভাবে তৈরি একটি ব্রিফকেস, যা সামরিক কমান্ড ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকে। এর মাধ্যমে কোনো দেশের নেতা পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন। এই ব্রিফকেস ব্যবস্থার উদ্ভব হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) মধ্যে স্নায়ুযুদ্ধের সময়। সে সময়ে দুই দেশে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। খুব অল্প সময়ের ব্যবধানে পারমাণবিক হামলার সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
তবে লাল বোতামে আঙুল রেখে হামলার নির্দেশ দেওয়ার যে চিত্র সাধারণত কল্পনা করা হয়, বাস্তবতা তেমন নয়। প্রেসিডেন্টের পরমাণু হামলার নির্দেশ কার্যকর করতে সামরিক কর্মকর্তাদের পাশাপাশি আরও বড় একটি যোগাযোগব্যবস্থার প্রয়োজন হয়।
যুক্তরাষ্ট্রের ‘ফুটবল’ ও রাশিয়ার ‘চেগেট’-এর পার্থক্য কী?
যুক্তরাষ্ট্রের পারমাণবিক ব্রিফকেস ‘নিউক্লিয়ার ফুটবল’-এর ইতিহাস ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটেরও আগের। ইতিহাসবিদেরা এর সূত্র খুঁজে পান ডোয়াইট আইজেনহাওয়ারের প্রশাসনের সময়। অবমুক্ত করা একটি স্মারকলিপিতে দেখা যায়, ১৯৬১ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগের দিন জন এফ কেনেডিকে এই যন্ত্র সম্পর্কে জানিয়েছিলেন আইজেনহাওয়ার।
এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ‘বিস্কুট’ নামে পরিচিত একটি কার্ডও থাকে। পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার সময় প্রেসিডেন্টের পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কোড থাকে এতে। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতে ভাইস প্রেসিডেন্টের জন্যও থাকে একটি বিকল্প ‘ফুটবল’ ও ‘বিস্কুট’।
অন্যদিকে, ১৯৮৩ সালে সোভিয়েত ইউনিয়নের সামরিক ব্যবস্থায় যুক্ত হয় ‘চেগেট’ নামের ব্রিফকেস। এর নাম নেওয়া হয়েছে ককেশাস পর্বতমালার একটি পর্বত থেকে। ঐতিহ্যগতভাবে নৌবাহিনীর একজন কর্মকর্তা প্রেসিডেন্টের ব্রিফকেসটি বহন করেন। ২০১৫ সালে ইয়েকাতেরিনবার্গের ইয়েলৎসিন সেন্টারে রাশিয়ার প্রথম সোভিয়েত-পরবর্তী প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের ব্যবহৃত ব্রিফকেসটি প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।
বর্তমান চেগেট প্রেসিডেন্টকে রুশ সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সঙ্গে যুক্ত করে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া যায়, তবে এটি নিজে থেকে অস্ত্র উৎক্ষেপণ করতে পারে না। ধারণা করা হয়, এ ধরনের তিনটি ব্রিফকেস রয়েছে রাশিয়ার। এগুলো প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী এবং জেনারেল স্টাফের প্রধানের জন্য বরাদ্দ।
রাশিয়ার প্রকাশিত পারমাণবিক নীতি অনুযায়ী, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না, সে সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। চেগেট রাশিয়ার ‘কাজবেক’ নামের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে। এই নেটওয়ার্ক ‘কাভকাজ’ নামের একটি পৃথক যোগাযোগব্যবস্থাকে সহায়তা করে। প্রেসিডেন্টের নির্দেশের সত্যতা যাচাই করতে কয়টি ব্রিফকেসের প্রয়োজন হয়, সে বিষয়ে প্রকাশিত তথ্যের মধ্যে মতপার্থক্য রয়েছে।
নেতারা কেন সঙ্গে নিয়ে ভ্রমণ করেন?
ধরে নেওয়া হয়, প্রেসিডেন্ট যখন বিমানে, সম্মেলনে কিংবা হোটেলে ঘুমিয়ে থাকেন, তখনো পারমাণবিক হামলা শুরু হতে পারে। তাই নেতারা যেখানেই থাকুন না কেন, পারমাণবিক ব্রিফকেসের মাধ্যমে যেকোনো সময় হামলা বা পাল্টা হামলার নির্দেশ দেওয়া সম্ভব হয়।
হামলা প্রতিরোধেও এর গুরুত্ব রয়েছে বলে ধরে নেওয়া হয়। কোন পক্ষ যদি মনে করে আক্রান্ত হলেও প্রতিপক্ষ পাল্টা হামলা চালাতে পারবে, তাহলে তারা হামলা করার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।
২০২৩ সালে বেইজিং সফরের সময়ও পুতিনের সঙ্গে ব্রিফকেস বহনকারী নৌবাহিনীর কর্মকর্তাদের দেখা গিয়েছিল। কোনো সম্মেলনে চেগেটের উপস্থিতি রাশিয়ার বিপুল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের দৃশ্যমান স্মারক হিসেবে কাজ করে। চীনের শেনজেনের ভিডিওতে ব্রিফকেসটির উপস্থিতি রাশিয়ার পারমাণবিক অস্ত্রের বিষয়টি আবারও সামনে এসেছে।
রাশিয়ার গণমাধ্যমে চেগেটের উপস্থিতির বিষয়ে ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন বলেছেন, ‘এটি অনেক কিছুই বলে দেয়।’ তার মতে, এটি পুরোপুরি ‘রাজনৈতিক নাটক এবং প্রতীকী প্রদর্শন’।
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বা চীনের তুলনায় রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা আগের মতো নেই। তবে বড় শক্তিগুলোর কাতারে রাশিয়া যে আছে, সেটি প্রদর্শনেরই চেষ্টা এটি।’
অন্য দেশগুলোরও কি পারমাণবিক ব্রিফকেস আছে?
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাবে, বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী দেশের সংখ্যা নয়টি। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য জানা যায়।
তবে অন্য দেশগুলোতে নেতারা কী ধরণের সরঞ্জাম ব্যবহার করেন তার চেয়ে কে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন সেই তথ্যই বেশি প্রকাশ করে।
যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারেন দেশটির প্রধানমন্ত্রী। অন্যদিকে ফ্রান্সে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে।
চীন ‘প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার’ নীতি অনুসরণ করে। বেইজিংয়ের বক্তব্য, অন্য কোনো দেশ পারমাণবিক হামলা চালালেই তবে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে নির্দিষ্ট কোনো পারমাণবিক ব্রিফকেস থাকে কি না, তা স্পষ্ট নয়।
ভারত সরকারের ভাষ্য, দেশটির প্রধানমন্ত্রীকে প্রধান করে গঠিত নিউক্লিয়ার কমান্ড অথরিটির পলিটিক্যাল কাউন্সিলই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারে। তবে এ জন্য কোনো সরঞ্জাম বহন করা হয় কি না, তা নিশ্চিত নয়।
পাকিস্তান ও উত্তর কোরিয়ার কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে। ইসরায়েলের কাছেও পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হয়। তবে এসব দেশের নেতারা একই ধরনের ব্রিফকেস সঙ্গে নিয়ে ভ্রমণ করেন কি না, সেটি জানার মতো পর্যাপ্ত তথ্য নেই।
সূত্র: আলজাজিরা।





