খামেনির জানাজার পরই ইরানকে হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স
ইরানের সঙ্গে হয় একটি সমঝোতায় পৌঁছানো হবে, নয়তো অবশিষ্ট ‘কাজ শেষ করা হবে’। এভাবেই আবারও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা শেষে ইরান যখন দৃঢ় অবস্থানের বার্তা দিচ্ছে, তখনই এ মন্তব্য করেন তিনি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা শেষ হলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শুরু হওয়া সংঘাতের পর কূটনীতির সুযোগ তৈরি করতে ঘোষিত ৬০ দিনের যুদ্ধবিরতি সত্ত্বেও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বললেন, ‘আমরা হয় একটি চুক্তি করব, নয়তো কাজ শেষ করে দেব। আর কাজ শেষ করা মোটেও কঠিন হবে না। তবে আমি চুক্তিই করতে চাই, কারণ আমি ৯ কোটি ১০ লাখ মানুষের ওপর প্রভাব ফেলতে চাই না।’
তিনি আরও বললেন, ‘আমরা এক ঘণ্টার মধ্যেই তাদের সেতুগুলো ধ্বংস করে দিতে পারি, তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারি... এখন তাদের কোনো অর্থ নেই। আমরা তাদের কোনো অর্থ দিইনি।’
ট্রাম্পের এই মন্তব্য আসে সপ্তাহান্তে খামেনির দাফন অনুষ্ঠান শেষে। ওই অনুষ্ঠানে যুদ্ধের কারণে দুর্বল হয়ে পড়ার বদলে ইরানিদের দৃঢ়, ঐক্যবদ্ধ এবং ভবিষ্যৎ নির্ধারণে সংকল্পবদ্ধ বলেই দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, ৬০ দিনের যুদ্ধবিরতির লক্ষ্য ছিল কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে নতুন উদ্যোগ নেওয়া।




