সুদানে গৃহযুদ্ধে এক বছরে প্রাণ হারিয়েছে ২২৩০

গ্রাফিকস: আগামীর সময়
সুদানের গৃহযুদ্ধে এ বছর এখন পর্যন্ত ২ হাজার ২৩০ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। গতকাল মঙ্গলবার তারা জানিয়েছে, এর মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ মৃত্যু ঘটেছে ড্রোন হামলার কারণে, যা এ সংঘাতের একটি ‘প্রধান বৈশিষ্ট্য’ হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সের গতকালের প্রতিবেদনে জানানো হয়েছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক যুদ্ধরত পক্ষগুলোর ‘যুদ্ধের আইনগুলোর প্রতি চরম অবজ্ঞা’ প্রদর্শনের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, তাদের এ কর্মকাণ্ড হতে পারে যুদ্ধাপরাধের শামিল।
সুদানের সেনাবাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’-এর বিরুদ্ধে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে লিপ্ত রয়েছে গৃহযুদ্ধে। সাম্প্রতিক মাসগুলোয় উভয়পক্ষই মাত্রা বাড়িয়ে দিয়েছে ড্রোন হামলার। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কাল নিয়ে তৈরি জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, ‘ড্রোন ব্যবহারের এই বৃদ্ধি সুদানের সংঘাতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে; এর ফলে যুদ্ধরত পক্ষগুলো তাদের নিয়ন্ত্রিত এলাকা ও সম্মুখ সমররেখার অনেকদূর পর্যন্ত নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে।’
রিপোর্টের সঙ্গে প্রকাশিত একটি বিবৃতিতে সংস্থাটি উল্লেখ করেছে, ২ হাজার ২৩০ জনের মধ্যে ড্রোন হামলায় নিহত হয়েছে ১ হাজার ৬৩০ জন।



