তাহির আন্দ্রাবি
যুক্তরাষ্ট্র-ইরানকে ফের আলোচনায় বসাতে কাজ করছে ইসলামাবাদ

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। ছবি : সংগৃহীত
ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসাতে এবং শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে কাজ করছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি পুনর্বহাল এবং হরমুজ প্রণালি নিয়ে বিরোধ নিরসনের লক্ষ্যে করা সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করছে।
আন্দ্রাবি জানিয়েছেন, ১০ আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইরান, সৌদি আরব ও কুয়েতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরাও শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছেন।
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বর্তমানে তেহরান সফরে রয়েছেন। তার এই সফরেও দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আন্দ্রাবি।
সংবাদ সম্মেলনে পাকিস্তান ও সৌদি আরবের যৌথ প্রতিরক্ষা সংক্রান্ত মক্কা চুক্তি নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, সৌদি আরবের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র- আলজাজিরা




