বলিভিয়ায় মিলল খুদে ‘তিলকায়ো’

সংগৃহীত ছবি
অরণ্য তার সব রহস্য এক দিনে খুলে দেয় না। কখনো শতাব্দী পেরিয়েও পাতার আড়ালে, কুয়াশার ভেতরে লুকিয়ে থাকে এক অচেনা প্রাণ। বলিভিয়ার মেঘে ঢাকা ইউঙ্গাস অরণ্য এবার এমনই এক বিস্ময় সামনে আনল, গৃহপালিত বিড়ালের চেয়েও ছোট এক বুনো বিড়াল, যাকে বিজ্ঞানীরা নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করেছেন। এক শতাব্দীরও বেশি সময় পরে জীবিত বিড়ালজাতীয় প্রাণীর নতুন প্রজাতি আনুষ্ঠানিকভাবে বর্ণনা করার ঘটনা এটি।
গত বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় মানুষের কাছে প্রাণীটি ‘তিলকায়ো’ নামে পরিচিত। বিজ্ঞানীরা তার বৈজ্ঞানিক নাম দিয়েছেন লিওপারডাস তিলকায়ো। পূর্ণবয়স্ক প্রাণীটির দৈর্ঘ্য প্রায় ৪৬ সেন্টিমিটার, ওজন মাত্র ১ দশমিক ৪ কেজি, যা সাধারণ গৃহপালিত বিড়ালের তুলনায়ও ছোট। গবেষক পাওলা নোগালেস-আসকাররুনজ জানিয়েছেন, তিলকায়োর গায়ের রঙ হালকা বাদামি এবং শরীর জুড়ে অনিয়মিত গোলাপি আকৃতির দাগ রয়েছে।



