ইরানের নতুন সামরিক অভিযান ‘অনিবার্য’ : নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু— রয়টার্স
ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক নিরাপত্তাবিষয়ক বৈঠকে তিনি এ কথা বলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ বৃহস্পতিবার জানিয়েছে এমন তথ্য।
ইসরায়েলের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা চ্যানেল ১৩-কে জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ানোর বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের বাহিনীর মধ্যে ‘সম্মত ও অনুমোদিত যৌথ পরিকল্পনা’ রয়েছে।
ওই কর্মকর্তা বলেছেন, ‘প্রশ্ন হলো, কখন অভিযান চালানো হবে।’
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ওপর চার থেকে সাত দিনব্যাপী হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে পাশে পেতে ট্রাম্পের ওপর চাপ দিয়ে আসছেন নেতানিয়াহু।
ইরান ‘রাসায়নিক অস্ত্র’ কর্মসূচি এগিয়ে নিচ্ছে—এমন গোয়েন্দা তথ্য ট্রাম্প প্রশাসনের কাছে তুলে ধরতে গত সপ্তাহে মোসাদের প্রধান রোনেন গোফম্যানকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পাঠিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্রের সক্ষমতা বাড়াতে ‘জোরালো প্রচেষ্টা’ চালাচ্ছে—এমন ‘প্রমাণ’ পেয়েছে মার্কিন গোয়েন্দারাও।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের লক্ষ্য করে রাসায়নিক হামলা চালানোর পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটনকে গোয়েন্দা তথ্য দিয়েছে মোসাদ।
তবে অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা তথ্য নিয়ে সংশয় রয়েছে কয়েকজন কর্মকর্তার। তাদের কেউ কেউ মনে করেন, এসব তথ্যের পেছনে ‘নির্দিষ্ট এজেন্ডা’ কাজ করছে।
এর এক দিন আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘ইরান গ্যাস নিয়ে ভাবছে এবং তারা জীবাণু অস্ত্র নিয়েও ভাবছে—এমন ইঙ্গিত রয়েছে।’
সম্প্রতি সিএনএন জানিয়েছিল, তেহরান যুক্তরাষ্ট্রের রাজধানীতে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে। তবে তেহরান এ দাবিকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ ইরানের সিরিক ও কেশম দ্বীপে হামলা জোরদার করেছে ওয়াশিংটন।
এর জবাবে তেহরানও বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। এসব অভিযানে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।
গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়ে আসছে।
অক্টোবরের শেষ দিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে ‘স্বল্পমেয়াদি ও তীব্র’ সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছে ওয়াশিংটন।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নতুন করে কোনো সামরিক উত্তেজনা তৈরি হলে তার বিরুদ্ধে ‘কোনো সীমাবদ্ধতা ছাড়াই’ জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।



