খামেনির জানাজা ৪ জুলাই, দাফন ৯ জুলাই

ছবি: রয়টার্স
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায় আগামী ৪ জুলাই জানাজার মাধ্যমে তেহরানে শুরু হবে। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ৯ জুলাই দাফনের মাধ্যমে তা শেষ হবে। আজ শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
খামেনির কর্মসংরক্ষণ ও প্রকাশের দায়িত্বে নিয়োজিত কার্যালয় এই সময়সূচি প্রকাশ করেছে।
গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত হন খামেনি। তার মৃত্যুর পর ইসলামি প্রজাতন্ত্রটির শীর্ষ পদে তিন দশকের বেশি সময় ধরে থাকা শাসনের অবসান ঘটে।
কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, খামেনির মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা ও বিদায় জানানোর অনুষ্ঠান আগামী ৪ ও ৫ জুলাই (মহররম মাসের ১৯ ও ২০ তারিখ) তেহরানের ইমাম খামেনি মোসাল্লায় অনুষ্ঠিত হবে।
আগামী ৬ জুলাই তেহরানে একটি জানাজা ও শোক মিছিলের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এরপর ৭ জুলাই পবিত্র কোয়ম নগরীতে আরেকটি শোক মিছিল অনুষ্ঠিত হবে।
সর্বশেষ জানাজা অনুষ্ঠানটি আগামী ৯ জুলাই পবিত্র মাশহাদ নগরীতে ইমাম সাজ্জাদ (আ.)-এর শাহাদাত বার্ষিকীর প্রাক্কালে অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়েছে, শহীদ নেতাকে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে দাফন করা হবে।




