বাকের কালিবাফ
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমেরিকার পরাজয়ের ঘোষণা

বাকের কালিবাফ- রয়টার্স
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তিকে ‘আমেরিকার পরাজয়ের ঘোষণা’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।
বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ কোনো চাপ বা জোরজবরদস্তির ফল নয়, বরং ‘সাহসী ইরানি জাতির প্রতিরোধ ও শক্তির ফল’।
কালিবাফ বললেন, ‘এই কারণেই ইসলামাবাদ সমঝোতা স্মারক আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।’
তিনি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এ অঞ্চলের দেশগুলোকেই নিশ্চিত করতে হবে।
তার ভাষায়, ‘আমরা অঞ্চল থেকে বিদেশি সামরিক বাহিনীর প্রত্যাহারকে একটি কৌশলগত লক্ষ্য হিসেবে দেখি। কারণ তারা টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, বরং অস্থিতিশীলতার উৎসে পরিণত হয়।’
বাকুতে দেওয়া কালিবাফের বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ওই ঘাঁটি থাকা কয়েকটি দেশের ওপরও হামলা চালিয়েছিল।
কালিবাফ বললেন, ‘আমরা অঞ্চলের ভবিষ্যৎ সংঘাতে নয়, সহযোগিতায় দেখি; ধ্বংসে নয়, সহাবস্থানে দেখি।’
পর্যবেক্ষকদের মতে, ইরানের হামলার লক্ষ্য হওয়া উপসাগরীয় দেশগুলোর প্রতি এটি ছিল একধরনের সমঝোতার বার্তা।
ইরানের প্রধান আলোচক আরও জানান, লেবাননে শান্তি প্রতিষ্ঠা ওয়াশিংটনের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অন্যতম মৌলিক শর্ত।
তিনি বললেন, ‘আমাদের জন্য লেবাননের যুদ্ধবিরতি যেমন গুরুত্বপূর্ণ ছিল এবং আছে, তেমনি গুরুত্বপূর্ণ ছিল ইরানে যুদ্ধবিরতি। লেবাননে যুদ্ধের অবসান আমাদের কাছে ইরানে যুদ্ধের অবসানের মতোই গুরুত্বপূর্ণ।’




