আঞ্চলিক অস্থিরতার মধ্যেও কুয়েতের বাণিজ্য উদ্বৃত্ত ১৯১ কোটি দিনার

উপসাগরীয় দেশ কুয়েত
মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বাণিজ্যে ইতিবাচক অবস্থান ধরে রেখেছে উপসাগরীয় দেশ কুয়েত। ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৯১১ বিলিয়ন কুয়েতি দিনার। অর্থাৎ আমদানির তুলনায় রপ্তানি বেশি হওয়ায় উল্লেখযোগ্য বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে দেশটি।সম্প্রতি কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।
বুধবার (১৮ নভেম্বর)কুয়েত টাইমসের এক প্রতিবেদনের প্রকাশিত তত্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কুয়েতের মোট রপ্তানির পরিমাণ ছিল ৭ দশমিক ০২৬ বিলিয়ন দিনার, যা মোট পণ্য বাণিজ্যের ৫৭ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে একই সময়ে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ দশমিক ১১৫ বিলিয়ন দিনার, যা মোট বাণিজ্যের ৪২ দশমিক ১ শতাংশ। এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কুয়েতের মোট পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১২ দশমিক ১৪২ বিলিয়ন দিনার।
রপ্তানি আয়ের ক্ষেত্রে এখনো কুয়েতের প্রধান শক্তি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য। ছয় মাসে তেল ও মৌলিক পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৬ দশমিক ২৫১ বিলিয়ন দিনার, যা দেশটির মোট রপ্তানির প্রায় ৮৯ শতাংশ।
এ ছাড়া অন্যান্য জাতীয় পণ্য রপ্তানি থেকে এসেছে ৩৪৩ মিলিয়ন দিনার। সব মিলিয়ে কুয়েতের নিজস্ব উৎপাদিত পণ্যের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৯৪ বিলিয়ন দিনার। পাশাপাশি বিদেশি পণ্য পুনরায় রপ্তানির মাধ্যমে আয় হয়েছে আরও ৪৩৩ মিলিয়ন দিনার।
আমদানির উৎস হিসেবে কুয়েতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। দেশটি থেকে ছয় মাসে কুয়েতের আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ০১৩ বিলিয়ন দিনার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে আমদানি হয়েছে ৮২০ দশমিক ৫ মিলিয়ন দিনারের পণ্য। এ ছাড়া সৌদি আরব থেকে ৪২৯ দশমিক ৩ মিলিয়ন এবং যুক্তরাষ্ট্র থেকে ৩১০ দশমিক ৬ মিলিয়ন দিনারের পণ্য আমদানি করেছে কুয়েত।
অন্যদিকে কুয়েতের তেলবহির্ভূত পণ্য রপ্তানির প্রধান গন্তব্য হিসেবে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে কুয়েতের অ-তেলজাত পণ্য রপ্তানির পরিমাণ ছিল ১৯৩ দশমিক ৭৭ মিলিয়ন দিনার।
দ্বিতীয় অবস্থানে সৌদি আরব, যেখানে রপ্তানি হয়েছে ১৮৭ দশমিক ৯৪ মিলিয়ন দিনারের পণ্য। এ ছাড়া ইরাকে ৫৫ দশমিক ৪৭ মিলিয়ন এবং ভারতে ৫০ দশমিক ৪৭ মিলিয়ন দিনারের পণ্য রপ্তানি করেছে কুয়েত।
আমদানিকৃত পণ্যের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে ব্যক্তিগত ব্যবহারের গাড়ি। ছয় মাসে গাড়ি আমদানিতে ব্যয় হয়েছে ৪০১ দশমিক ৩১ মিলিয়ন দিনার। পাশাপাশি টেলিফোন ও মোবাইল ফোন আমদানিতে ব্যয় হয়েছে ১৭৭ দশমিক ৪৯ মিলিয়ন দিনার।
তবে ২০২৫ সালের একই সময়ের তুলনায় টেলিফোন আমদানি কমেছে ১৭ দশমিক ৩১ শতাংশ। গত বছরের প্রথম ছয় মাসে এ খাতে আমদানি ব্যয় ছিল ২১৪ দশমিক ৬৫ মিলিয়ন দিনার, যা চলতি বছরে ৩৭ দশমিক ১৬ মিলিয়ন দিনার কমেছে।
সব মিলিয়ে কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর
পরিসংখ্যান বলছে, আঞ্চলিক অস্থিরতা ও আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও কুয়েতের বাণিজ্যিক কার্যক্রম সচল রয়েছে। তবে দেশটির রপ্তানি আয়ের প্রায় ৮৯ শতাংশই তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ওপর নির্ভরশীল।
যার ফলে কুয়েতের বাণিজ্যের বড় উদ্বৃত্ত অর্জনের পাশাপাশি তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে অন্যান্য খাতের রপ্তানি বাড়ানো কুয়েতের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।



