সৌদিকে রক্ষায় ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেবে মিসর, পার্লামেন্টে অনুমোদন
রয়টার্স

সেপ্টেম্বরে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেন মিসরের প্রেসিডেন্ট— রয়টার্স
সৌদি আরবকে আত্মরক্ষায় সহায়তা দিতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেওয়ার অনুমতি দিয়েছে দেশটির পার্লামেন্ট। সোমবার এ অনুমোদন দেওয়া হয়। এর ফলে সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের মধ্যকার সংঘাতে মিসর আরও সরাসরি জড়িয়ে পড়তে পারে।
সৌদি আরব হুতিদের বিরুদ্ধে সহায়তা চাইলে দেশটিকে সামরিক সমর্থন দেওয়ার প্রস্তাব অনুমোদনের জন্য পার্লামেন্টের কাছে আবেদন করেছিলেন সিসি। সৌদি আরব মিসরের উপসাগরীয় আরব মিত্র এবং বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ।
পার্লামেন্টের সদস্যদের রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবটির পক্ষে দুই-তৃতীয়াংশের বেশি সদস্য সমর্থন দিয়েছেন।
উপসাগরীয় দেশগুলোর ওপর ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার নিয়মিত নিন্দা জানিয়েছে মিসর। তবে দেশটি এখনো প্রকাশ্যে সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে আগস্টে স্বাক্ষরিত মক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতেও যোগ দেয়নি কায়রো।
এদিকে সংঘাতের উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার তেহরানে ইরানি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মক্কা চুক্তির তিন দেশের শীর্ষ কর্মকর্তারা।




