ক্যানসার পরীক্ষায় মিজোরামের পাশে আমেরিকা
- আমেরিকা থেকে বিনামূল্যে এল ৩৮৭৫টি ক্যানসার পরীক্ষার কিট

প্রতীকী ছবি
মিজোরামে ক্যানসার শনাক্তকরণ ও প্রতিরোধের উদ্যোগ আরও জোরদার করতে আমেরিকা থেকে বিনামূল্যে এল ৩৮৭৫টি ক্যানসার পরীক্ষার কিট। রাজ্যপাল জেনারেল (ড.) বিজয় কুমার সিংহের উদ্যোগে এই কিটগুলি মিজোরামের স্টেট ক্যানসার ইনস্টিটিউট (এমএসসিআই), জ়েমাবাওয়াক, আইজলের জন্য আনা হয়েছে।
আমেরিকায় কর্মরত চিকিৎসক ড. দাহিয়া এবং ড. চৌহান এই কিটগুলি দান করেছেন। তাঁদের সঙ্গে রাজ্যপালের পরিচয় রয়েছে বলে জানানো হয়েছে।
প্রাপ্ত কিটগুলির মধ্যে রয়েছে ৯৭৫টি আলফা-ফেটোপ্রোটিন (এএফপি) পরীক্ষার কিট, ৯৫০টি কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন (সিইএ) পরীক্ষার কিট, ৯৭৫টি প্রস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন (পিএসএ) পরীক্ষার কিট এবং ৯৭৫টি ফিকাল অকাল্ট ব্লাড পরীক্ষার কিট।
কিটগুলি পাওয়ার পর রাজ্যপাল বলেন, রাজ্যের অগ্রগতি ও উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হল মানুষের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করা। মিজোরামে ক্যানসারের প্রকোপ এবং এই রোগে মৃত্যুর হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ক্যানসারের ক্ষেত্রে দ্রুত রোগ শনাক্ত করা এবং সময়মতো কার্যকর চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন রাজ্যপাল। তাঁর মতে, প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে ক্যানসারের প্রভাব অনেকটাই কমানো সম্ভব।
আমেরিকা থেকে পাওয়া পরীক্ষার কিটগুলি যথাযথ ভাবে ব্যবহার করা হবে এবং মিজোরামের সর্বাধিক সংখ্যক মানুষ ও রোগী এর সুফল পাবেন—এই আশা প্রকাশ করেন রাজ্যপাল।
রাজভবনের তরফে জানানো হয়েছে, ক্যানসার শনাক্তকরণ ও প্রতিরোধের পরিকাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই কিটের সরবরাহ গুরুত্বপূর্ণ সংযোজন। মিজোরামের মানুষের স্বাস্থ্য ও কল্যাণ সুরক্ষিত রাখতে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন রাজ্যপাল।






