তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসন করবে মালয়েশিয়া

ছবি: রয়টার্স
নির্দিষ্ট কাঠামোর আওতায় দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচিতে তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসন করবে মালয়েশিয়া। কুয়ালালাম শুক্রবার জানিয়েছে এমনটাই। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর রোহিঙ্গাদের নিয়ে এটিই হতে পারে সবচেয়ে বড় পুনর্বাসন উদ্যোগগুলোর একটি।
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ পরিকল্পনার ঘোষণা দেন। এর একদিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যার শামিল।
মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরও ‘সমন্বিত, কার্যকর ও মানবিকভাবে’ মোকাবিলায় সরকারের প্রচেষ্টার অংশ এই প্রস্তাব বলে এক বিবৃতিতে জানিয়েছেন আহমদ জাহিদ।
তিনি বললেন, ‘১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে তুরস্ক সরকারের সম্মতিকে আমি স্বাগত জানাই। অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জ তৈরি করা এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে মালয়েশিয়ার প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
আহমদ জাহিদ বলেন, তুরস্কের সঙ্গে এই উদ্যোগ শরণার্থী পুনর্বাসন ব্যবস্থাপনায় বিভিন্ন দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তার একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
তার ভাষ্য, ‘অংশগ্রহণকারী নির্বাচন, প্রশিক্ষণ, নথিপত্র তৈরি ও পুনর্বাসনের বিষয়গুলো সমন্বয় করতে সরকার তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে। কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে শিল্প খাতের চাহিদা, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি এবং প্রযোজ্য আন্তর্জাতিক বিধিমালা বিবেচনায় নেওয়া হবে।’
স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়ার ওপর চাপ তৈরি হয়েছে। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৯৩ হাজার। তাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।
জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।




