হরমুজ খুলে দিল ইরান, অবরোধে অনড় যুক্তরাষ্ট্র

মানচিত্রে হরমুজ প্রণালি
যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার জানিয়েছেন এ তথ্য।
এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বললেন, ‘অবশিষ্ট যুদ্ধবিরতির সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো। ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বন্দর ও নৌপরিবহন সংস্থা ইতোমধ্যে ঘোষিত সমন্বিত রুট অনুযায়ী চলবে এসব জাহাজা। এটি করা হচ্ছে লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে।’
এদিকে হরমুজ প্রণালি পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ইরানের ঘোষণাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি উল্লেখ করেন, শান্তি চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকবে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ধন্যবাদ! হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত এবং পূর্ণ চলাচলের জন্য প্রস্তুত।’
কয়েক মিনিট পর দেওয়া আরেকটি বার্তায় ট্রাম্প লিখেন, ‘ইরানের ক্ষেত্রে নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে, যতক্ষণ না শতভাগ সম্পন্ন হয় ইরানের সঙ্গে লেনদেন।’
ট্রাম্প উল্লেখ করেন, ‘এই প্রক্রিয়াটি খুব দ্রুতই সম্পন্ন হওয়া উচিত, কারণ বেশিরভাগ বিষয় ইতোমধ্যেই আলোচনা সম্পন্ন হয়েছে।’
এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল, তারা হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরু করবে।
ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলছিলেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি হতে পারে খুব দ্রুতই। যদিও সপ্তাহান্তে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

