ট্রাম্প, শি, পুতিনের জাঁকালো বৈঠকের ফল কী হলো

চীনের শেনঝেনে এপেক সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
শেনঝেন- গত কয়েকদিন ধরে সবার চোখ আটকে ছিল চীনের এই শহরে। কারণ বিশ্বের তিন মোড়ল এক হয়েছিলেন সেখানে। ত্রিপক্ষীয় এই বৈঠকে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৈঠকের আলোচ্যসূচিতে তেমন কিছু ছিল না। স্পষ্ট কোনো দাবিদাওয়াও ছিল না ট্রাম্পের। বৈঠক শেষে প্রাপ্তির খাতায়ও তেমন কিছু যোগ হয়নি।
শেষ পর্যন্ত এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে থাকতে পারে এর দৃশ্যপট, রাজনৈতিক ভাষায় যাকে বলা হয় ‘অপটিকস’, অর্থাৎ জনসমক্ষে দৃশ্যমাণ আয়োজনের ঘনঘটা।
কিন্তু শেষ পর্যন্ত জমকালো আয়োজনটাই হয়তো সবচেয়ে বেশি চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি মাসের শুরুতে মধ্যবর্তী নির্বাচনে নিজের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ে রাজনৈতিকভাবে ধাক্কা খেয়েছলেন তিনি।
এশিয়ায় তিন দিনের সফরে বিশ্বজুড়ে সবার মনোযোগের কেন্দ্রে থাকতে পেরে এবং যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে পেরে তাকে দৃশ্যত সন্তুষ্ট মনে হয়েছে।
বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার সফরের সাফল্যের প্রমাণ হিসেবে মঙ্গলবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নৈশভোজে তার জন্য রাখা গুরুত্বপূর্ণ আসন এবং চীনে পৌঁছানোর পর তাকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছে, সেটাই তুলে ধরেছেন।
তার ভাষায়, ‘জাঁকজমক, সৌন্দর্য, আড়ম্বর আর হাজার হাজার মানুষের উপস্থিতি’—এসবই প্রমাণ করে, সফরটি ইতিমধ্যেই সফল।
সাফল্যের মাপকাঠি হিসেবে এটিকে খুব নিচু মানদণ্ড মনে হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সন্তুষ্ট করার জন্য এটুকুই যথেষ্ট হতে পারে।
তবে এখন পর্যন্ত তিন দেশের বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের নীরবতাই বড় হয়ে ঠেকছে।
চীন দ্রুত আলোচনার বিবরণ দিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। অন্যদিকে, বৈঠকের পর এক ঘণ্টার সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
কিন্তু ট্রাম্প এ নিয়ে জনসমক্ষে খুব সামান্যই কথা বলেছেন। তিনি বরং শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন।
চলতি বছরের শুরুতে চীন সফরের সময় এবং গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটনে ফেরার পথে উড়োজাহাজেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প।
এবার আপাতত যৌথ বিবৃতির ওপরই নির্ভর করতে হচ্ছে। তিন নেতার বৈঠকের পর বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে মূলত ‘কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা’ নিশ্চিত করার প্রচেষ্টার প্রতি অস্পষ্ট সমর্থন জানানো হয়েছে।
বিশ্বের তিন প্রভাবশালী নেতার একই কক্ষে বসে বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করার দৃশ্য হয়তো কিছুটা স্বস্তি দিতে পারে এই আশায় যে সামনে ভয়াবহ কোনো সংঘাত আসন্ন নয়।
কিন্তু আরও সংলাপ চালিয়ে যাওয়ার অঙ্গীকার এবং পারমাণবিক যুদ্ধ কখনোই সংঘটিত হওয়া উচিত নয়—এমন স্বীকৃতি ছাড়া বক্তব্যগুলোতে সুনির্দিষ্ট অর্জনের তেমন কিছু পাওয়া যাচ্ছে না।
বুশ ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কবিষয়ক প্রধান ডেভিড ফায়ারস্টেইন বিবিসিকে বলেন, ‘সাধারণভাবে বিশ্বের প্রধান শক্তিগুলোর নেতাদের বিভিন্ন কাঠামোয় একসঙ্গে বসা ভালো। এমনকি যদি তার ফলাফল খুব সীমিত বলেই মনে হয়।’
পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর বিষয়ে বিবৃতির একটি বক্তব্য সম্ভবত পুতিনকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। কারণ, আন্তর্জাতিক বাজারে জীবাশ্ম জ্বালানির অন্যতম প্রধান সরবরাহকারী রাশিয়া। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সমালোচনাও চোখ এড়ায়নি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই আদালত।
বিশ্বের তিন প্রধান শক্তির নেতারা যদি কোনো একটি বিষয়ে একমত হতে পারেন, তবে তা হলো—আন্তর্জাতিক আইন কার্যকর করার চেষ্টা করা বহুপক্ষীয় বৈশ্বিক সংস্থাগুলোর হাতে সেই আইন প্রয়োগের কার্যকর ক্ষমতা থাকা উচিত নয়।
চীন সফরের সময় ট্রাম্প বন্ধু বলেছিলেন পুতিনকে। আর চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে করমর্দন ও আলিঙ্গনের পর তার সঙ্গে নিজের ‘অসাধারণ ব্যক্তিগত সম্পর্কের’ কথা বলেন।
কিন্তু ওয়াশিংটনে ফেরার পর ট্রাম্পকে এমন এক রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যেখানে তার এশিয়া সফর নিয়ে সংযত উদ্বেগ থেকে শুরু করে সরাসরি সমালোচনা—দুই ধরনের প্রতিক্রিয়াই রয়েছে।
বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর জন কার্টিস বলেন, ‘ভূরাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা যেভাবে তুলে ধরছি, তা নিয়ে আমি উদ্বিগ্ন। ভ্লাদিমির পুতিন ও সি চিন পিং আমাদের বন্ধু নন।’
‘কূটনীতি গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের প্রতিপক্ষ কারা, সে বিষয়ে স্পষ্ট ধারণা রাখার বিনিময়ে কখনোই কূটনীতি চালানো উচিত নয়,’ যোগ করেন তিনি।
ইলিনয় অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেস সদস্য ড্যারিন লাহুড চলতি মাসের শুরুতে ট্রাম্পের সমর্থন নিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তার মতে, বিদেশে মিত্র ও প্রতিপক্ষ—উভয়ের সঙ্গেই যুক্তরাষ্ট্রের আলোচনা করা উচিত। তবে তার চোখে পুতিন একজন ‘স্বৈরশাসক’ ও ‘আন্তর্জাতিক অপরাধী’।
বিবিসি নিউজকে লাহুড বলেন, ‘বিশ্বমঞ্চে তাঁকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হিসেবে জায়গা করে দেওয়ার মতো দৃশ্যপট তৈরি করা হচ্ছে, এ নিয়ে আমি কিছুটা উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘ইউক্রেনে পুতিন কী করেছেন, তা আমাদের মনে রাখতে হবে। তিনি একটি সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশ আক্রমণ করেছেন এবং সেখানে এখনো আগ্রাসন চালিয়ে যাচ্ছেন।’
অন্যদিকে, ডেমোক্র্যাটরা সমালোচনায় কোনো রাখঢাক রাখছে না।
যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির নয়জন সদস্য হোয়াইট হাউসে পাঠানো এক চিঠিতে লিখেছেন, ‘ছবি তোলার সুযোগ কিংবা ব্যক্তিগত আত্মপ্রচারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিসর্জন দেওয়া যায় না।’
অভ্যন্তরীণ রাজনৈতিক বিপর্যয়ের পর আন্তর্জাতিক কূটনীতিতে বড় কোনো সাফল্য অর্জনের চেষ্টা করা ট্রাম্পের জন্য অবশ্য নতুন কিছু নয়। এর আগে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামাও নিজেদের দলের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পরপরই বিদেশ সফরে গিয়েছিলেন।
তবে তাদের ক্ষেত্রে রাজনৈতিক ভাবমূর্তিতে যে সাময়িক উন্নতি হয়েছিল, তা বেশিদিন স্থায়ী হয়নি। ট্রাম্প এশিয়ার শীর্ষ সম্মেলন থেকে নিজের কাঙ্ক্ষিত ছবিগুলো হয়তো পেয়েছেন। কিন্তু সেসব ছবির সঙ্গে উল্লেখযোগ্য কোনো অর্জন না থাকায় তার এই সফরও দ্রুত বিস্মৃতির আড়ালে চলে যেতে পারে।
সূত্র: বিবিসি






