ব্রেক্সিটের দেয়াল টপকে ফের ইইউ উঠোনে ব্রিটেন
- নতুন সমঝোতা: বছরে দুই লাখ তরুণের জন্য খুলবে কাজ ও পড়াশোনার পথ

ব্রেক্সিটের দীর্ঘ বিচ্ছেদ আর কাঁটাতার টপকে আবারও সেই পুরনো বাঁশিতে সুর তুলছে ব্রিটেন। ২০২০ সালের ৩১ জানুয়ারির এই দেয়ালই ৪৭ বছরের পরিবার থেকে পৃথক করেছিল বৃটেনকে। কূটনীতির জটিল সমীকরণ ছাপিয়ে আজ সেখানেই নতুন বসন্তের সুবাস। ক্ষোভ-বিরহ ভুলে গত শুক্রবার আবার নতুন সমঝোতায় ফিরল দুই পক্ষ। শিক্ষার্থীদের জন্য আবার খুলবে ওপারের কর্মক্ষেত্রের দুয়ার। প্রতি বছর প্রায় দুই লাখ তরুণের চোখে জ্বলবে এই নতুন স্বপ্নের আলো।
গত শুক্রবার ব্রাসেলসে এক শীর্ষ বৈঠকে যুক্তরাজ্য ও ইইউর নেতারা তিনটি বিষয়ে সমঝোতায় পৌঁছান। এর মধ্যে রয়েছে তরুণদের জন্য ভিসা কর্মসূচি, খাদ্য ও কৃষিপণ্যের বাণিজ্য সহজ করা এবং কার্বন নিঃসরণের অনুমতি কেনাবেচার দুই বাজারকে যুক্ত করা। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম একে ‘ব্রিটেন ও ইউরোপের জন্য একটি ভালো দিন’ বলে বর্ণনা করেছেন।
নতুন ভিসা কর্মসূচি চালু হলে প্রতিবছর সর্বোচ্চ এক লাখ ব্রিটিশ তরুণ ইইউভুক্ত দেশগুলোয় গিয়ে কাজ, পড়াশোনা ও ভ্রমণের সুযোগ পাবেন। একই সুযোগ নিয়ে যুক্তরাজ্যে আসতে পারবেন ইইউর সমানসংখ্যক তরুণ। ‘ইয়ুথ এক্সপেরিয়েন্স স্কিম’ নামের এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩১ বছর বয়সী ব্রিটিশ ও ইইউ নাগরিকরা। আবেদনের সময় চাকরির প্রস্তাব দেখাতে হবে না। ন্যূনতম বেতন বা ভাষাগত যোগ্যতারও কোনো শর্ত থাকছে না।
এই ঘনিষ্ঠতা কি একদিন যুক্তরাজ্যকে আবার ইইউর সদস্যপদের দিকে নিয়ে যাবে? বিবিসির এক সাক্ষাৎকারে সদস্যপদে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, ভবিষ্যৎ আলোচনায় ‘সব বিকল্পই বিবেচনায় থাকবে’।
শুরুতে দুই বছরের জন্য থাকার অনুমতি পাবেন অংশগ্রহণকারীরা। পরে মেয়াদ আরও এক বছর বাড়ানো যাবে। যৌথ বিবৃতি অনুযায়ী, দুই পক্ষের লক্ষ্য ২০২৮ সালের মধ্যে চুক্তিটি কার্যকর করা এবং ২০৩০ সালের জানুয়ারির মধ্যে তরুণদের জন্য কর্মসূচিটি চালু করা।
তবে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে ইইউর শিক্ষার্থীদের কত ফি দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ইইউ চায়, তাদের শিক্ষার্থীরা সেখানে স্থানীয় শিক্ষার্থীদের সমান হারে টিউশন ফি দেওয়ার যাতে সুযোগ পান। এ নিয়ে ছয় মাসের মধ্যে আলোচনা শেষ করতে সম্মত হয়েছে দুই পক্ষ। ইইউ সূত্রের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফি নিয়ে সমাধান না হলে তিনটি চুক্তির বাস্তবায়ন আটকে যেতে পারে। মিলিব্যান্ডের বক্তব্য, ঘোষিত চুক্তিগুলো কার্যকর করা টিউশন ফি নিয়ে আলোচনার ফলের ওপর নির্ভর করছে না।
খাদ্য ও কৃষিপণ্য নিয়ে সমঝোতার ফলে সীমান্তে ব্যয়বহুল পরীক্ষা ও কাগজপত্রের প্রয়োজন কমবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এতে ব্রেক্সিটের পর ইউরোপের বাজারে বাধার মুখে পড়া স্কটল্যান্ডের বীজ আলুর মতো পণ্য আবার সেখানে বিক্রি করা যাবে। ব্রিটিশ সরকারের হিসাবে, তিনটি সমঝোতা বাস্তবায়িত হলে ২০৪০ সাল নাগাদ যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। অর্থের অঙ্কে তা বছরে প্রায় ১৭ বিলিয়ন পাউন্ড।
বার্নহাম আগেই বলেছেন, তিনি তার জীবদ্দশায় যুক্তরাজ্যকে আবার ইইউর সদস্য হিসেবে দেখতে চান। আগামী এক বছরে ইউরোপীয় নেতাদের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে অনানুষ্ঠানিক আলোচনায় বসতে চান তিনি। তবে বর্তমান পার্লামেন্টের মেয়াদে ইইউর একক বাজার ও শুল্ক ইউনিয়নের বাইরে থাকার নির্বাচনী অঙ্গীকার বহাল রাখবে লেবার সরকার।



