সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

সিসিটিভি ফুটেজে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়তে দেখা যাচ্ছে। ছবি / সংগৃহীত
রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে এর ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিধ্বস্ত বিমানটি ছিল আন্তোনভ এএন-১২ মডেলের পরিবহন বিমান। মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার পূর্বে কেমেরোভো শহরের কাছে জনবসতিহীন এলাকায় এটি বিধ্বস্ত হয়। এ ধরনের বিমানে সাধারণত ছয়জন ক্রু থাকেন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করছেন বিমানবাহিনীর বিশেষজ্ঞরা। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে।
রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনার সব পরিস্থিতি খতিয়ে দেখতে রুশ মহাকাশ বাহিনীর একটি তদন্ত দল দুর্ঘটনাস্থলে কাজ করছে।’
দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক জানিয়েছেন, জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুর্ঘটনার তদন্তেও তারা সহায়তা করছে।
ইয়াগুনোভো গ্রামের কাছে দুর্ঘটনাস্থলের একটি ভিডিও অনলাইনে প্রকাশ করেছেন সেরেদিউক। সেখানে তিনি বলেছেন, বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।
রাশিয়ার প্রধান ফৌজদারি তদন্ত সংস্থা তদন্ত কমিটি উড্ডয়ন নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগে তদন্ত শুরু করেছে। বিমান দুর্ঘটনার পর এ ধরনের তদন্ত শুরু করা দেশটিতে নিয়মিত প্রক্রিয়া।
এএন-১২ সোভিয়েত আমলে তৈরি চার ইঞ্জিনের টার্বোপ্রপ পরিবহন বিমান। ১৯৫০-এর দশকের শেষ দিক থেকে এটি ব্যবহার করা হচ্ছে। এ মডেলের এক হাজারের বেশি বিমান তৈরি হয়েছিল। রাশিয়াসহ কয়েকটি দেশে এখনো এ ধরনের কিছু বিমান চালু রয়েছে।
এর আগে গত সেপ্টেম্বর রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর এলাকায় দেশটির টুপোলেভ টিইউ-৯৫ মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছিল। এতে ছয়জন ক্রু নিহত এবং একজন আহত হন।
সূত্র : আলজাজিরা




