সুইজারল্যান্ডে জলবিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ২

ছবি: রয়টার্স
সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি পুরনো জলবিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে এ তথ্য।
দেশটির তিচিনো ক্যান্টন পুলি জানিয়েছে, পিওত্তা গ্রামের ওই বিদ্যুৎকেন্দ্রে আগুনে গুরুতর দগ্ধ হন দুই শ্রমিক। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় ভবনটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কী কারণে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
নিহত দুজনের একজন ৫৫ বছর বয়সী সুইস নাগরিক। অন্যজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ ও ঘটনার সঠিক পরিস্থিতি এখনও তদন্ত করে দেখা হচ্ছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএসআই জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে সংস্কার করা হচ্ছে। স্থাপনাটির কাঠামো ও কার্যক্রম নতুন করে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে এই সংস্কারকাজ চলছে।






