শিক্ষা ও চাকরির বাইরে প্রায় ১০ লাখ তরুণ ব্রিটেনে
- কর্মহীন তারুণ্যের দীর্ঘশ্বাসে ব্রিটেন
- প্রতি আট তরুণের একজন সংকটে
- মানসিক স্বাস্থ্য ও অভিজ্ঞতার অভাব বড় বাধা
- ২০৩৬ সালের মধ্যে ছয় লাখ তরুণকে সুযোগ দেওয়ার লক্ষ্য
- ভাতা সংস্কার ও কর্মসংস্থানের নতুন প্রস্তাব

সকালে ঘুম ভাঙে। সামনে দিনের দীর্ঘ সময়। কিন্তু কোথাও যাওয়ার তাড়া নেই। চাকরির ডাক নেই। কলেজের ক্লাসও নেই। ব্রিটেনের বহু তরুণের জীবনে এভাবেই জমছে অনিশ্চয়তা। কেউ আবেদন করেও চাকরি পান না। কেউ অসুস্থতায় পড়াশোনা ছেড়েছেন। সুযোগের অপেক্ষায় কেটে যাচ্ছে জীবনের সবচেয়ে সম্ভাবনাময় সময়। উন্নত দেশের এই নীরব সংকট কি হারিয়ে দিচ্ছে একটি প্রজন্মকে?
গতকাল মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে তরুণদের এমন অভিজ্ঞতা। সরকারি হিসাবে, ব্রিটেনে ১৬ থেকে ২৪ বছর বয়সী ৯ লাখ ৮১ হাজার তরুণ এখন শিক্ষা, চাকরি কিংবা প্রশিক্ষণ— কোনোটিতেই নেই। তাদের বলা হয় ‘নিটস’। ওই জনগোষ্ঠীর প্রায় ১৩ শতাংশ এই অবস্থায়।
উইরালের ১৯ বছরের মাইকেল উদ্বেগজনিত সমস্যায় কলেজ ছেড়েছিলেন। এক বছর ঘরেই কাটে। চাকরি খুঁজে বারবার শুনেছেন অভিজ্ঞতা চাই। অথচ প্রথম সুযোগ না পেলে অভিজ্ঞতা আসবে কোথা থেকে? স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহায়তায় এখন একটি বিপণিবিতানে কাজ শিখছেন তিনি।
২২ বছরের মারিয়াহ ইতিহাস ও রাজনীতিতে স্নাতক। জাদুঘরে কাজ করার স্বপ্ন। সপ্তাহে অন্তত ২০টি চাকরির আবেদন করেন। তবু নিয়োগকর্তাদের সাড়া মেলে না। বিনা বেতনের কাজেও প্রত্যাখ্যাত হয়েছেন। তার আক্ষেপ, যোগ্যতা অর্জনের পরও কাজের দরজা খুলছে না।
লন্ডনের ১৯ বছরের মাতিয়ু অটিজম নিয়ে জীবনযাপন করেন। স্বেচ্ছাসেবীর কাজ করছেন। উপযুক্ত প্রশিক্ষণ ও কিছু বাড়তি সময় পেলে নিয়মিত চাকরি করতে চান। আর সেন্ট হেলেন্সের ২০ বছরের অ্যালেক্স মানসিক চাপ সামলে এক বছর ধরে কাজ খুঁজছেন। তার বক্তব্য, তরুণরা কাজ করতে চান, কিন্তু প্রতিষ্ঠানগুলো তাদের নিয়োগ দিতে চায় না।
একই দিন দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে জানানো হয়েছে, প্রায় ৫ লাখ ৮৮ হাজার তরুণ অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয়। অসুস্থতা, চাকরির সংকট এবং শিক্ষাব্যবস্থা থেকে বিচ্ছিন্নতা এর কারণ। তাদের প্রায় অর্ধেক কোনো না কোনো প্রতিবন্ধকতার কথা জানিয়েছেন। অথচ ৪৬ শতাংশ সরকারি ভাতাও নেন না।
করোনাকালে শিক্ষাব্যবস্থার ধাক্কা, মানসিক স্বাস্থ্য সংকট, অভিজ্ঞতাহীনদের চাকরি কমে যাওয়া এবং নিয়োগে প্রযুক্তির ব্যবহার পরিস্থিতি জটিল করেছে। ব্ল্যাকপুলে প্রায় প্রতি চার তরুণের একজন এই সংকটে। তুলনায় বাথে অনুপাত ১০ জনে একজনের কম।
দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, এপ্রিল থেকে জুনে নিটসের সংখ্যা আগের তিন মাসের তুলনায় ৩০ হাজার কমলেও গত বছরের একই সময়ের চেয়ে ৩০ হাজার বেশি। ২০১১ সালে বৈশ্বিক আর্থিক সংকটের পর সংখ্যাটি উঠেছিল ১২ লাখ ৪০ হাজারে। ফলে আজকের বিপর্যয় একেবারেই নতুন নয়। কিন্তু দীর্ঘদিনের ব্যর্থতা এখন দৃশ্যমান।
সমস্যা সামলাতে সাবেক মন্ত্রী অ্যালান মিলবার্নের সরকারি পর্যালোচনায় শিক্ষা, স্বাস্থ্য, ভাতা ও কর্মসংস্থানে আমূল সংস্কারের প্রস্তাব এসেছে। লক্ষ্য, ২০৩৬ সালের মধ্যে আরও ৪ লাখ ৪০ হাজার তরুণকে কাজে ফেরানো। প্রশিক্ষণসহ ছয় লাখ তরুণকে সুযোগ দেওয়ার পরিকল্পনা। তবে সুপারিশ বাস্তবায়নে সরকারের অনুমোদন প্রয়োজন।



