ট্রাম্পকে বরণে শি নিজে, পুতিনের বেলায় কেন নয়
- ট্রাম্পকে আলিঙ্গন, যুদ্ধবিমানের মহড়া ও ফুলেল অভ্যর্থনা
- পুতিনকে লালগালিচায় স্বাগত জানান চীনের প্রভাবশালী নেতা ছাই ছি
- বিশেষ সৌজন্যের নেপথ্যে পুরোনো প্রতিদান ও নতুন কূটনৈতিক হিসাব

শেনজেনে এপেক সম্মেলন কেন্দ্রে প্রবেশ করছেন ট্রাম্প ও শি। ছবি : রয়টার্স
একজনের জন্য বিমানবন্দরে স্বয়ং চীনের প্রেসিডেন্ট। অন্যজনের জন্য তার ঘনিষ্ঠ সহযোগী। একজনকে আলিঙ্গন, ফুলেল শুভেচ্ছা আর আকাশে যুদ্ধবিমানের মহড়া। অন্যজনকেও লালগালিচায় সামরিক সম্মান।
চীনের শেনঝেনে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের অভ্যর্থনায় এই পার্থক্য ঘিরে প্রশ্ন উঠেছে। ঘনিষ্ঠ মিত্র পুতিনকে রেখে ট্রাম্পকে স্বাগত জানাতে কেন নিজেই বিমানবন্দরে গেলেন শি জিনপিং? এর নেপথ্যে নিছক সৌজন্য, নাকি পরাশক্তির রাজনীতিতে সূক্ষ্ম কোনো বার্তা?
বুধবার স্থানীয় সময় বিকেলে শেনঝেনের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পের উড়োজাহাজ। সিঁড়ির নিচে অপেক্ষা করছিলেন শি। ট্রাম্প নামতেই উষ্ণ করমর্দন। এরপর সংক্ষিপ্ত আলিঙ্গন।
দুই দেশের পতাকা হাতে অভ্যর্থনাকারীদের উচ্ছ্বাস। লালগালিচার দুই পাশে সশস্ত্র সেনাসদস্যদের সারি। সামরিক বাদ্যযন্ত্রে বাজছে জাতীয় সংগীত। এক শিশু ট্রাম্পের হাতে তুলে দেয় ফুলের তোড়া। আকাশে উড়ে যায় যুদ্ধবিমান। সব মিলিয়ে রাজকীয় আয়োজন।
বার্তা সংস্থা রয়টার্স ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পর কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে বিমানবন্দরে শির ব্যক্তিগতভাবে স্বাগত জানানোর ঘটনা এটিই প্রথম।
এর আগে বুধবার রাত দুইটার কিছু পরে একই বিমানবন্দরে পৌঁছান পুতিন। তাকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ছাই ছি। লালগালিচায় করমর্দন করেন তারা। পাশে সারিবদ্ধ সেনাসদস্যরা সামরিক অভিবাদন জানান। উপস্থিত ছিল অভ্যর্থনাকারীদের দল।
স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, পুতিনের অভ্যর্থনাও ছিল অত্যন্ত উচ্চপর্যায়ের। ছাই ছি চীনের ক্ষমতাকাঠামোয় পঞ্চম শীর্ষস্থানীয় নেতা।
কেন এই বিশেষ সম্মান
উত্তরটি দিয়েছেন শি নিজেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবারের বিবৃতি অনুযায়ী, তিনি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন গত সেপ্টেম্বরের ওয়াশিংটন সফরের কথা।
শির ভাষায়, ‘গত সেপ্টেম্বরে আমি যুক্তরাষ্ট্র সফরে গেলে আপনি ও আপনার স্ত্রী বিশেষভাবে বিমানবন্দরে এসে আমাকে স্বাগত জানিয়েছিলেন। চীন সৌজন্যকে গুরুত্ব দেয় এবং সৌজন্যের প্রতিদান দেওয়ার ঐতিহ্য রয়েছে।’
গত ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনের অদূরে অ্যান্ড্রুজ সামরিক বিমানঘাঁটিতে শি ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে নিজে অভ্যর্থনা জানান ট্রাম্প ও মেলানিয়া। সেখানে ২১ বার তোপধ্বনি, সামরিক অভিবাদন ও যুদ্ধবিমানের মহড়া হয়েছিল।
তবে শুধু সৌজন্যের প্রতিদান নয়। রয়েছে কৌশলগত হিসাবও।
অন্যদিকে পুতিনের সঙ্গে শির সম্পর্ক বহুদিনের। বুধবার তাদের পৃথক বৈঠকও হয়েছে। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘পাথরের মতো অটল’ বলে বর্ণনা করেছেন শি।
তাই বিমানবন্দরে শির অনুপস্থিতিকে পুতিনের প্রতি অবহেলা বলার ভিত্তি নেই।
বৃহস্পতিবার তিন নেতার ঐতিহাসিক বৈঠকের আগে এই অভ্যর্থনা নতুন তাৎপর্য পেয়েছে। কূটনীতিতে কখনো করমর্দন, কখনো আলিঙ্গনও হয়ে ওঠে রাজনৈতিক বার্তা।
তবে শেনঝেনের লালগালিচায় প্রদর্শিত আন্তরিকতা আলোচনার টেবিলেও বজায় থাকবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।





